মীর শাহে আলম
জামায়াত এমপিদের এলাকাতেই সারের কৃত্রিম সংকট
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৯-৩০ ১৫:৩৬:৫১
যে সব এলাকায় জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রীর দাবি, বিএনপিকে জনগণের কাছে বিতর্কিত ও হেয় করতে একটি রাজনৈতিক দল এসব এলাকায় সারের সংকট তৈরি করে আন্দোলন করেছে।
সাংবাদিকদের সামনে লাল চিহ্নিত একটি মানচিত্র দেখিয়ে মীর শাহে আলম বলেন, কুড়িগ্রাম, রংপুর, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, বাগেরহাট ও সাতক্ষীরায় সারের সংকট দেখানো হয়েছে। তার দাবি, এসব এলাকায় জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এমন এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল বিএনপিকে বিতর্কিত করার জন্য, জনগণকে বিভ্রান্ত করার জন্য যে এলাকায় তারা নির্বাচিত, সেই এলাকায় তাদের নেতা-কর্মীদের দিয়ে সারের সংকট তৈরি করে আমাদের হেয় করার চেষ্টা করেছে।
কুড়িগ্রামে সারের সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যে সময়ে সংকটের কথা বলা হয়েছে, তখন দেশের কোথাও প্রকৃত সংকট ছিল না। কুড়িগ্রামেও সংকট ছিল না। একটি রাজনৈতিক দল ও আগের সরকারের নিয়োগ করা কিছু ডিলার কৃত্রিম সংকট তৈরি করেছিলেন।
মীর শাহে আলম বলেন, আগের ডিলারদের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে প্রকৃত ব্যবসায়ীদের মধ্য থেকে একজন করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে জেলা ও উপজেলা কমিটি প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে ব্যক্তির নাম প্রস্তাব করেছে। যে সব এলাকায় ডিলার পালিয়ে গেছেন বা নিখোঁজ হয়েছেন, সেসব শূন্য পদেও ডিলার নিয়োগ দেওয়া হবে।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে নির্বাচন শেষ করা হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনকে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।
বিরোধী দলের লং মার্চ প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে লংমার্চ করার অধিকার সবার আছে। তবে শত শত গাড়ির বহর নিয়ে কর্মসূচি পালন করায় সেটিকে রোড মার্চ বলা উচিত ছিল।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহামুদল হক চৌধুরী ডন, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক মমিনুল, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ জেলা বিএনপির নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














