শ্যামনগরে বজ্রপাতে কাঠমিস্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-১০-০৩ ১০:১১:০০


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা এলাকায় বজ্রপাতে শওকত গাজী (৫৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বন্যাতলা এলাকায় কাঠের কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত শওকত গাজী আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাট এলাকার মৃত আব্দুল সামাদ গাজীর ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, শওকত গাজী দীর্ঘদিন ধরে কাঠমিস্ত্রির কাজ করতেন এবং দিনমজুর হিসেবে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। আজ দুপুরে বন্যাতলা এলাকায় কাঠের কাজ করার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে তিনি মারাত্মকভাবে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, শওকত গাজীর লাশ দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আকস্মিক এই দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এনজে