চাঁদপুরে নিজ ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে যুবকের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-১০-০৩ ১০:৫৮:৫২
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার এলাকায় নিজ ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে ইউনিয়নের পশ্চিম সাপদী গ্রামের সেফায়েত উল্লাহর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিবুল্লাহ ওই বাড়ির সেফায়েত উল্লাহর একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগানোর কাজ করছিলেন হাসিবুল্লাহ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে হাসিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসিবুল্লাহর মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














