তৃতীয় দফায় পরিশোধ করা হচ্ছে ৭ হাজার ৬৪১ পলিসিধারীর বীমা দাবি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-১০-০৪ ১২:৩৩:০০
বীমা খাতে গ্রাহকের আস্থা পুনর্গঠন এবং পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তৃতীয় দফায় ৭ হাজার ৬৪১ জন পলিসিধারীর ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকার বীমা দাবি পরিশোধ করা হচ্ছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তদারকিতে সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলো এসব দাবি পরিশোধ করছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইডিআরএ সূত্রে জানা গেছে, বৈধ বীমা দাবি পরিশোধের মাধ্যমে পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করছে নিয়ন্ত্রক সংস্থাটি। এরই অংশ হিসেবে তৃতীয় দফায় ৭ হাজার ৬৪১ জন পলিসিধারীর মোট ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকার দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় আইডিআরএ কার্যালয়ে সরাসরি পলিসিধারীদের বীমা দাবি পরিশোধ করা হয়। ওই কার্যক্রমের মাধ্যমে বৈধ দাবি পরিশোধ এবং গ্রাহকের স্বার্থ সুরক্ষায় আইডিআরএ গুরুত্ব দিচ্ছে।
আইডিআরএ জানিয়েছে, প্রথম ও দ্বিতীয় দফার কার্যক্রমের ইতিবাচক ফলাফলের ধারাবাহিকতায় এবার সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলো নিজ নিজ কার্যালয় থেকে পলিসিধারীদের দাবি পরিশোধ করছে। পুরো প্রক্রিয়াটি আইডিআরএ নিবিড়ভাবে তত্ত্বাবধান করছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












