খুলনায় মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধিমালা বিষয়ে অবহিতকরণ কর্মশালা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-১০-০৭ ১৫:৪৫:৫৬
মাতৃদুগ্ধের বিকল্প খাদ্য ও শিশুখাদ্য বাজারজাতকরণ, প্রচার-প্রচারণা এবং ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আইন ও বিধিমালা সম্পর্কে সচেতন করতে খুলনায় ‘মাতৃদুগ্ধ বিকল্প আইন, ২০১৩ ও বিধিমালা, ২০১৭’ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৭ অক্টোবর) দুপুরে খুলনা সিভিল সার্জন কার্যালয়ে প্রেস কনফারেন্স রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান খুলনার আয়োজনে এবং সিভিল সার্জন কার্যালয় খুলনার বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী।
কর্মশালায় মাতৃদুগ্ধ বিকল্প আইন, ২০১৩ ও বিধিমালা, ২০১৭-এর বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত উপস্থাপন করেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকার মেডিকেল অফিসার ডা. মো. ইজ আবদুল্লাহ ইয়াজদানী।
উপস্থাপনায় মাতৃদুগ্ধের গুরুত্ব, শিশুর জন্য মায়ের দুধের প্রয়োজনীয়তা এবং মাতৃদুগ্ধের বিকল্প হিসেবে ব্যবহৃত বিভিন্ন পণ্য সম্পর্কে আইন ও বিধিমালায় থাকা নির্দেশনা তুলে ধরা হয়। একই সঙ্গে এসব পণ্যের প্রচার, বিজ্ঞাপন, বাজারজাতকরণ ও স্বাস্থ্যসেবাকেন্দ্রে সরবরাহের ক্ষেত্রে সংশ্লিষ্টদের দায়িত্ব ও বিধিনিষেধ নিয়েও আলোচনা করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য মায়ের দুধের বিকল্প নেই। বিশেষ করে শিশুর জীবনের প্রাথমিক পর্যায়ে মাতৃদুগ্ধের গুরুত্ব অপরিসীম। তাই মাতৃদুগ্ধের বিকল্প পণ্যের অনিয়ন্ত্রিত প্রচার-প্রচারণা যাতে মায়েদের শিশুকে বুকের দুধ খাওয়ানোর সিদ্ধান্তকে প্রভাবিত না করে, সে বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
এ সময় মাতৃদুগ্ধ বিকল্প আইন, ২০১৩ ও বিধিমালা, ২০১৭ যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের আইন ও বিধিমালার বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা এবং নিজ নিজ অবস্থান থেকে তা অনুসরণ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকার জুনিয়র ক্লিনিশিয়ান ডা. মো. ইকরামূল হক।
এ ছাড়া খুলনার বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স এবং গণমাধ্যমকর্মীরা কর্মশালায় অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধিমালার বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন এবং এর বাস্তবায়ন ও প্রয়োগ নিয়ে আলোচনা করেন।
আয়োজকরা জানান, মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধিমালা সম্পর্কে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের অবহিত করার মাধ্যমে আইনটির যথাযথ বাস্তবায়নে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













