হত্যা মামলায় আ.লীগের সাবেক এমপি মুক্তা কারাগারে

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৬-১০-০৬ ১১:২২:১৬


পঞ্চগড়ে আলোচিত রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার মামলায় গ্রেফতার পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এর আগে ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে অংশ নিয়ে নিখোঁজ হন রিকশাচালক আল আমিন। ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি মামলা করেন আল আমিনের বাবা মনু মিয়া।

এছাড়াও তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে আল আমিনকে গুম ও হত্যা মামলা, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ১২টি মামলা রয়েছে জানা গেছে।

পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

এনজে