শাইনপুকুর সিরামিকসের ৭ সদস্যের পর্ষদে বিএসইসির অনাপত্তি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-১০-০৭ ১৭:৪৭:৩৭


শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিকসের প্রস্তাবিত সাত সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৭ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ৩২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, শাইনপুকুর সিরামিকসের প্রস্তাবিত পর্ষদে চেয়ারম্যান হিসেবে থাকছেন এএসএফ রহমান। পরিচালক হিসেবে থাকছেন ওকে চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবির ও কোয়ামরুন নাহার আহমেদ। এছাড়া করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ অনুযায়ী দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হবে।

বিএসইসি বলছে, কমিশনের প্যানেলভুক্ত আইনজীবীর পত্রের মাধ্যমে আদালতের মৌখিক নির্দেশনার বিষয়টি অবহিত হওয়ার পর কোম্পানিটির আবেদনের বিষয়টি সভায় বিবেচনা করা হয়। এরপর বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে প্রস্তাবিত পর্ষদ গঠনে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।

সভায় আরও সিদ্ধান্ত হয়, কোম্পানিটি সংশ্লিষ্ট মামলা প্রত্যাহার করলে শাইনপুকুর সিরামিকসের বিষয়ে কমিশনের আগে জারি করা দুটি আদেশ প্রত্যাহার করা হবে।

বিএইচ