রাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ রাখার সুপারি
প্রকাশ: ২০১৭-০৮-০৩ ১৮:১৯:০০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকতে পারে। একই সঙ্গে ভর্তির আবেদন যোগ্যতায় জিপিএ বাড়তে পারে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির এক সভায় এ খসড়া সিদ্ধান্ত হয় বলে রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়।
সূত্রটি জানায়, উপ-কমিটির সভায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে বিভিন্ন খসড়া সিদ্ধান্ত নেয়। সভায় দ্বিতীয়বার ভর্তির সুযোগের পাশাপাশি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ৪০টি আসনে ভর্তি এবং ভর্তিযোগ্যতায় জিপিএ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। বিজ্ঞান বিভাগের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যুনতম ৩.৫ সহ মোট জিপিএ ৮.৫, ব্যবসায় বিভাগের জন্য ন্যুনতম এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ৩.৫ সহ মোট জিপিএ ৮ এবং মানবিকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যুনতম ৩ সহ মোট জিপিএ ৭.৫ পেতে হবে।
এর আগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে রাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বন্ধ করা হয়। একই শিক্ষাবর্ষ থেকে তিন বিভাগে ভর্তিযোগ্যতায় জিপিএ শিথিল করা হয়েছিল।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী বলেন, উপকমিটির সভায় ভর্তি সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনা হয়েছে। এরপর একাডেমিক কাউন্সিলে এসব বিষয় উত্থাপন করা হবে। একাডেমিক কাউন্সিলের সভায় পাশ হলে এসব বিষয় চূড়ান্ত হবে। তার আগে কিছু বলা যাচ্ছে না। উপ-কমিটির সভায় কি কি বিষয়ে আলোচনা হয় জানতে চাইলে তিনি বলতে রাজি হন নি। আগামী ২২ থেকে ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সানবিডি/ঢাকা/ হৃদয়/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













