ঋণ নয়, আইএমএফের সঙ্গে আলোচনা হয়েছে অর্থনৈতিক কর্মসূচি নিয়ে: অর্থমন্ত্রী
::গিয়াস উদ্দিন, ব্যাংকক থেকে প্রকাশ: ২০২৬-১০-১৫ ১৭:২২:৫৪
বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির সঙ্গে ব্যাংকিং খাতের সংস্কার, কর-জিডিপি অনুপাত ও অর্থনৈতিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ মুহূর্তে নতুন কোনো ঋণ নিয়ে আলোচনা হয়নি; বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মসূচি ও সংস্কার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও দেশের অভ্যন্তরীণ অর্থনীতির বিভিন্ন সূচক পর্যালোচনা করে বাংলাদেশের অগ্রগতি নিয়ে আইএমএফ সন্তুষ্টি প্রকাশ করেছে। ব্যাংকিং খাত ও কর-জিডিপি অনুপাতসহ কিছু বিষয়ে সংস্থাটির পর্যবেক্ষণ রয়েছে। এসব বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে এবং অনেক সমস্যার সমাধান ইতোমধ্যে হয়েছে। বাকি বিষয়গুলো আগামী কয়েক মাসের ধারাবাহিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে।
তিনি বলেন, আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো বহুপক্ষীয় সংস্থার সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতেও এ অংশীদারত্ব সঠিক পথে ও সুদৃঢ়ভাবে অব্যাহত থাকবে।
নতুন অর্থনৈতিক কর্মসূচি ও সংস্কারের শর্ত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সংস্কার কর্মসূচিতে কিছু শর্ত থাকা স্বাভাবিক। উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে এসব বিষয়ে সমাধানে পৌঁছানো সম্ভব। দেশের অর্থনৈতিক সংস্কারের জন্য একটি বিশ্বাসযোগ্য কৌশল রয়েছে বলেই আলোচনা সফলভাবে এগিয়ে যাচ্ছে।
বৈঠকে ব্যাংকিং খাতের পুনঃমূলধনীকরণ, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। এসব বিষয়ে আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় সংস্থার সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি আরও বলেন, অংশীদারত্বের ভিত্তিতে একসঙ্গে কাজ করে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট পক্ষগুলো আগ্রহী।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













