পুঁজিবাজারের অবদান বাড়াতে সঠিক জ্ঞানের বিকল্প নেই
প্রকাশ: ২০১৭-০৮-১২ ১৫:৩৯:৩১
জাতীয় অর্থনীতিতে পুঁজিবাজারের অবদান বাড়াতে সঠিক জ্ঞানের বিকল্প নেই। একই সঙ্গে কোম্পানির আর্থিক প্রতিবেদন, ব্যবস্থাপনা পর্ষদ ও বিগত কয়েক বছরের লভ্যাংশের ইতিহাস দেখে বিনিয়োগ করলে পুঁজিবাজার থেকে ভালো মুনাফা করা সম্ভব।
সারাদেশের সাধারণ মানুষের মাঝে বিনিয়োগ শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে গ্লোব সিকিউরিটি আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনের সময় এ সব কথা বলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আজিজুর রহমান। আজ শনিবার প্রতিষ্ঠানটির এক্সটেনশন কার্যালয় পল্টন সুরমা টাওয়ারে এই বিনিয়োগ শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ইউনিভার্সিটির ইলেক্ট্রিকেল এবং ইলেক্ট্রোনিক্স বিভাগের অধ্যাপক ফায়জুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার বনি ইয়ামিন ও ম্যানেজার মো. ইব্রাহীম ইকবাল। দিনব্যাপী অনুষ্ঠনে প্রশিক্ষক ছিলেন রিসার্স প্রতিষ্ঠান ফিন্টিল্যাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামনুন বিন জাফর। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে আজিজুর রহমান বলেন, আমাদের জাতীয় অর্থনীতিতে পুঁজিবাজার অনেক বড় ভূমিকা রাখতে পারে। এ জন্য প্রয়োজন এ বিষয়ে সঠিক জ্ঞান চার্চা। পুঁজিবাজার সম্পর্কে ভালো করে জানা শুনা থাকলে এবং কোম্পানির আর্থিক প্রতিবেদন, ব্যবস্থাপনা পর্ষদ ও বিগত কয়েক বছরের লভ্যাংশের ইতিহাস দেখে বিনিয়োগ করলে পুঁজিবাজার থেকে ভালো মুনাফা করা সম্ভব।
শিক্ষার্থীদের উদ্যেশে তিনি বলেন, শুধু প্রতিষ্ঠানের শিক্ষাই যথেষ্ট শিক্ষা নয়। আরও বেশি শিখতে হলে জ্ঞানের বিবিধ শাখায় বিচরণ করতে হবে। আগামী দিনে বিনিয়োগকারী ও যারা পুঁজিবাজারসহ দেশের অর্থনীতি এবং দেশকে নেতৃত্ব দিবে তাদের সবার জন্য বিনিয়োগ শিক্ষা কার্যক্রম প্রয়োজন বলে মনে করেন তিনি।
তিনি আরো বলেন, আমরা আগামীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও ঢাকার বাইরে এই সেমিনারের আয়োজন করে ক্যাপিটাল মার্কেট সম্পর্কে মানুষ সঠিক ধারনা দেয়ার চেষ্টা করবো। যাতে করে মানুষের মধ্যে ক্যাপিটার মার্কেট সম্পর্কে খারাপ ধারণা দূর হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য সবার আগে প্রয়োজন বাজার সম্পর্কে সঠিক ধারণা। ভবিষ্যৎ অর্থনীতিতে সচেতন নাগরিক তৈরির উদ্দেশ্য নিয়ে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেননা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আগামী দিনের অর্থনীতির নেতৃত্ব দেবে। এ জন্যই আমরা তাদের ক্যাপিটার মার্কেট সম্পর্কে সঠিক জ্ঞান দেয়ার চেষ্টা করছি।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













