সিএসই কৌশলগত বিনিয়োগকারী নেবে

প্রকাশ: ২০১৭-০৮-১৮ ০০:৩৫:২৮


CSEচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কৌশলগত বিনিয়োগকারী বা স্ট্র্যাটেজিক পার্টনার নেবে। এ জন্য পরিশোধিত মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ বিক্রি করে দেবে সিএসই। বিক্রির জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে সিএসইর চেয়ারম্যান এ কে আবদুল মোমেন সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার, স্বতন্ত্র পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শেয়ারহোল্ডার পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সিএসইর চেয়ারম্যান জানান, সিএসইর পরিশোধিত মূলধন বর্তমানে ৮ কোটি মার্কিন ডলার, প্রতি ডলার ৮১ টাকা হিসাবে যা ৬৪৮ কোটি টাকা। এর মধ্যে ২ কোটি ডলার বা ১৬২ কোটি টাকা পর্যন্ত বিক্রির চেষ্টা চলছে। কৌশলগত বিনিয়োগকারী পেতে চীন, দুবাই, হংকং ও সিঙ্গাপুরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। সিএসইর ইচ্ছা, ডিসেম্বরের মধ্যেই বিক্রির কাজ শেষ করা। অর্থমন্ত্রীর সঙ্গে এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে বলে জানান এ কে আবদুল মোমেন।

সিএসইর এমডি এম সাইফুর রহমান মজুমদার বলেন, ২৫ শতাংশ শেয়ার পর্যন্ত বিক্রি করা গেলে প্রিমিয়ামসহ ২ কোটি ডলারের চেয়েও বেশি অর্থ পাওয়ার প্রত্যাশী সিএসই। স্বতন্ত্র পরিচালক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, কৌশলগত অংশীদার পেলে বাজারে গতি আনতে সিএসইর জন্য সহজ হবে। একশ্রেণির শেয়ারধারীর অসচেতনতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘গত বছরের শীর্ষ ১০ লেনদেনকারী কোম্পানির মধ্যে রয়েছে জিলবাংলা চিনিকলের শেয়ার। অথচ কোম্পানিটিকে জীবনেও লাভ করতে দেখিনি।’