৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে মার্কেন্টাইল ব্যাংক

প্রকাশ: ২০১৭-০৮-১৮ ০৯:৪২:৩৬


m Bankব্যাসেল-২ শর্তপূরণে ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সাত বছর মেয়াদি এ বন্ড হবে রিডেমেবল ফ্লোটিং রেটেড সাব-অর্ডিনেটেড বন্ড (মার্কেন্টাইল ব্যাংক সেকেন্ড সাব-অর্ডিনেটেড বন্ড)। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হবে।

এদিকে বাজারদরে (পাবলিক/ব্লক মার্কেটে) আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের ৩৭ লাখ ৭০ হাজার ৫০৮টি শেয়ার বেচে দেয়ার ঘোষণাও দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। বর্তমানে তাদের হাতে আইডিএলসি ফিন্যান্সের ২ কোটি ৮২ লাখ ৭৮ হাজার ৮০৭টি শেয়ার রয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত হিসাব বছরে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২২ টাকা ৮২ পয়সায়।
চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ২ টাকা ৩ পয়সা ইপিএস দেখিয়েছে মার্কেন্টাইল ব্যাংক। আগের বছর একই সময়ে তা ছিল ১ টাকা ৩৩ পয়সা। ৩১ মার্চ এর এনএভিপিএস দাঁড়ায় ২১ টাকা ১৮ পয়সায়। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় মার্কেন্টাইল ব্যাংক।

ডিএসইতে মার্কেন্টাইল ব্যাংক শেয়ারের সর্বশেষ দর ছিল ২৪ টাকা ৯০ পয়সা। সমাপনী দর ছিল ২৪ টাকা ৯০ পয়সা, আগের কার্যদিবসে যা ছিল ২৫ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ২৬ টাকা এবং সর্বনিম্ন ১০ টাকা ২০ পয়সা।

২০০৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ৭৭৬ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৯০৫ কোটি ৭৭ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৭৭ কোটি ৬১ লাখ ১৪ হাজার ৫৩৭। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩৯ দশমিক ৯৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২২ দশমিক ৭, বিদেশী বিনিয়োগকারী ৮ দশমিক ২ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে বাকি ২৯ দশমিক ১৭ শতাংশ শেয়ার।