বিআইসিএমে জাতীয় শোক দিবস উদযাপিত

আপডেট: ২০১৭-০৮-১৮ ১০:৩২:৪৪


bicm_15_august_2

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার দিবসটির শুরুতেই সকাল ৬ ঘটিকায় তোপখানা রোডের বিজিআইসি টাওয়ারের সামনে ইন্সটিটিউট কর্তৃপক্ষের আয়োজনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে ইন্সটিটিউটের শিক্ষক ও কর্মচারীগণ কালো ব্যাজ ধারণ করে ধানমন্ডির ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ইন্সটিটিউটের শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে বিআইসিএম এর সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ইন্সটিটিউটের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও আর্দশ নিয়ে আলোচনা করেন। এরপর শিক্ষক ও কর্মচারীগণ মুক্ত আলোচনায় অংশ নেন।

সভায় ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট জনাব মোহাম্মাদ আব্দুল হান্নান জোয়ারদার বলেন,“বাঙালী জাতির স্বপ্নের স্বাধীনতার রূপকার ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জন্মেছিলেন বলেই আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি। তিনি ছিলেন এদেশের অবিসংবাদিত নেতা, ইতিহাসের মহানায়ক। আজকের এ বেদনা বিধূর দিনে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি”। এসময় তিনি শোককে শক্তিতে পরিণত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে ইন্সটিটিউটের সকল কর্মচারীকে আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানান।

পরিশেষে ইন্সটিটিউটের ইমাম জনাব হাফেজ মাওলানা ফরিদুল ইসলাম বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন।