ইন্দ্রানী মণ্ডলের বাসা চুরি
প্রকাশ: ২০১৭-০৮-২০ ১৩:৫৬:৫৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- কর্মকর্তাদের আবাসিক ভবন ব্রহ্মপুত্র নিকেতন এর দ্বিতীয় তলায় চুরির ঘটনা ঘটেছে গতকাল শনিবার ।
পরবর্তীতে জানা গেছে, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ইন্দ্রানী মণ্ডলের ব্রহ্মপুত্র নিকেতনের দ্বিতীয় তলার পশ্চিম ব্লকের কক্ষে এ চুরির ঘটনা ঘটে । সোনার অলঙ্কার, নগদ টাকা চুরি হয়েছে বলে জানা গেছে। কে বা কারা এই চুরির সাথে জড়িত তা এখনো জানা যায়নি । একাধিক শিক্ষক ও কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এর আগেও অনেকবার চুরির ঘটনা ঘটেছে , কিন্তু সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার অভাবে সেগুলো কোনো সফলতার মুখ দেখেনি ।
এ বিষয়ে সহকারী অধ্যাপক ইন্দ্রানী বলেন, আমি গত বৃহ:পতিবার ঢাকায় চলে আসি । গতকাল শনিবার আমার সহকর্মী শিক্ষকের মাধ্যমে জানতে পারি যে, আমার বাসার তালা ভাঙা এবং চুরি হয়েছে । আজ রোববার (২০ আগস্ট) বাসায় এসে দেখতে পাই আমার এক ভরির ও বেশি সোনার অলঙ্কার, নগদ টাকা এবং পার্টস চুরি হয়েছে । বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহিদুল কবীর জানান, আমাদের পর্যাপ্ত নিরাপত্তার শৈথিল্য রয়েছে । আমরা নিরাপত্তা জোরদার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি ।
দায়িত্বরত সহকারী প্রক্টর প্রণব কুমার মণ্ডল জানান, এর আগেও অনেকবার চুরির ঘটনা ঘটেছে । আমার মনে হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি চক্র গড়ে উঠেছে, এজন্য এসমস্ত ঘটনার পুনরাবৃত্তি ঘটছে ।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানান, প্রক্টর ড. জাহিদুল কবীর, সহকারী প্রক্টর প্রণব কুমার মণ্ডলকে দায়িত্ব দিয়ে ঢাকা যান, তিনিও ঢাকায় চলে যান কাউকে না জানিয়ে । এছাড়া পাহারাদারদের দায়িত্ব অবহেলার কারনে এ ঘটনা ঘটতে পারে ।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদ্ন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, এখানে বিশ্ববিদ্যালয়ের বাইরের লোকজন এটা করতে পারে না । আমি বিষয়টি খতিয়ে দেখছি ।
সানবিডি/জাককানইবি/আজিজার/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













