বাড়ি ফিরছে রাবি শিক্ষার্থীরা, হল বন্ধ হচ্ছে মঙ্গলবার

আপডেট: ২০১৭-০৮-২৮ ১৮:২৩:১১


RU.Rabiরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঈদ-উল-আযহার ছুটিতে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। গত ২৭ আগস্ট থেকে একাডেমিক ছুটি শুরু হয় ক্যাম্পাসে। এদিকে আগামীকাল মঙ্গলবার থেকে আবাসিক হলগুলোও বন্ধ হচ্ছে ।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ২৭ আগস্ট রোববার থেকে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত একাডেমিক ক্লাসসমূহ বন্ধ থাকবে। ছুটির সময় ক্লাস-পরীক্ষসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে আগামী ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত । এছাড়া শিক্ষার্থীদের ২৯ আগস্ট বিকেল ৫টার মধ্যে হল ত্যাগ করতে হবে। ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় শিক্ষার্থীদের জন্য যথারীতি আবাসিক হল খুলে দেয়া হবে।

বাড়ি ফেরা শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাস ছুটি হলেই বাড়ি ফেরার তাগাদা বেড়ে যায়। গতকাল থেকে ছুটি শুরু হয়েছে, আজ বাড়ি ফিরছি। বাড়িতে সবার সঙ্গে ঈদ উদযাপন করার আনন্দটা অন্যরকম। পরিবারের সদস্যরাও অপেক্ষা করছে আমাদের বাড়ি ফেরার জন্য।

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, ইতোমধ্যে দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। এখনো যারা আছেন তাদের অনেকেই ক্যাম্পাস সাংবাদিকতা, টিউশনি কিংবা খন্ডকালীন চাকরি করার জন্য যেতে পারেনি। এছাড়া এখনো হল বন্ধ না হওয়ায় কিছু শিক্ষার্থী হলে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর, কাজলা ও মেইন গেট দিয়ে শিক্ষার্থীরা বাসযোগে বাড়িতে ফিরছেন। অনেকে ট্রেনেও যাচ্ছেন। বাড়ি ফেরা শিক্ষার্থীদের জটলা দেখা গেছে বাস-রেল স্টেশনগুলোতে।