রানার অটোমোবাইলসের নিলামে প্রথম দিনে ৬৫ প্রস্তাব
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-১১ ২০:০৪:১৭
বুক বিল্ডিং পদ্ধতিতে রানার অটোমোবাইলস লিমিটেডের শেয়ারের কাট-অফ প্রাইস নির্ধারণের জন্য নিলাম চলছে। গতকাল সোমবার বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই নিলামে এখন পর্যন্ত ৬৫ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিড করেছে। এতে সর্বোচ্চ দর ৮৪ টাকা এবং সর্বনিম্ন দর ৩০ টাকায় প্রস্তাব করা হয়েছে। কোম্পানিটির বিডিং চলবে ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত।
গত ২৪ ঘন্টায় কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৮৪ টাকা দরে ১ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১ লাখ ৪৮ হাজার ৮০০টি শেয়ার কেনার জন্য প্রস্তাব করেছে। যার মোট মূল্য ১ কোটি ২৪ লাখ ৯৯ হাজার ২০০ টাকা। এছাড়া সর্বনিম্ন ৩০ টাকা দিয়ে দুইজন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৫ লাখ ৮১ হাজার ৬০০টি শেয়ার কেনার জন্য প্রস্তাব করেছে। যার মোট মূল্য ১ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার টাকা।
নিলামে অংশ নেওয়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক অর্থাৎ ১২ জন দর প্রস্তাব করেছেন ৫০ টাকা ।
এর আগে গত ১০ জুলাই রানার অটোমোবাইলকে প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি বা বিডিংয়ের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জানা গেছে, রানার অটোমোবাইল লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে।
আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকায় কোম্পানিটি গবেষণা ও উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৩ টাকা ৩১ পয়সা।
আলোচ্য বছরে কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন পরবর্তী শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৫৫ টাকা ৭০ পয়সা। আর পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি ৪১ টাকা ৯৪ পয়সা।
উল্লেখ, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর রেজিস্টার টু দি ইস্যু হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












