উত্থান শেয়ারবাজারে, কমেছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১০-১৪ ১৫:০৭:৪০
রবিবার (১৪ অক্টোবর) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। তবে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ডিএসইতে ৫৭৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৮ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৪৪ কোটি টাকার।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৪৬ পয়েন্টে। তবে অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬২ ও ১৯২২ পয়েন্টে।
এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে ১৩৮টি বা ৪১.১৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৪৪টি বা ৪২.৯৮ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি বা ১৫.৮২ শতাংশ কোম্পানির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সামিট পাওয়ারের। এ দিন কোম্পানির ৭১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা খুলনা পাওয়ারের ৫২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ২১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে শাশা ডেনিমস।
লেনদেনে এরপর রয়েছে- ইউনাইটেড পাওয়ার, ড্রাগন সোয়েটার, নূরানী ডাইং, ভিএফএস থ্রেড ডাইং, ইফাদ অটোস, সিলভা ফার্মা এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮০২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৬টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। সিএসইতে আজ মোট ২২ কোটি ২১লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













