বিশ্ব অর্থনীতিতে ৪১তম বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-০৮ ১২:০৪:৪৪


যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)-এর এক বিশ্লেষণী প্রতিবেদনে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর তালিকায় ২০১৯ সালে বাংলাদেশকে ৪১তম অবস্থানে রেখেছে। ২০১৮ সালে এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৪৩তম।

এতে বলা হয়েছে, এ বছরও যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। শীর্ষ পাঁচে থাকা বাকি দেশগুলো যথাক্রমে জাপান, জার্মানি ও ভারত।

এশিয়ার অনেক দেশের মতোই আগামী ১৫ বছরে বাংলাদেশ অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করবে উল্লেখ করে সিইবিআর প্রতিবেদনের ১০ম সংস্করণে বলা হয়েছে, ‘আমরা আশা করছি ২০১৮ থেকে ২০৩৩ সাল পর্যন্ত বাংলাদেশের বার্ষিক গড়ে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে। এতে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর তালিকায় বাংলাদেশের ১৯ ধাপ উন্নতি হবে এবং ২০৩৩ সালে দেশটি ২৪তম অবস্থানে উঠে আসবে।’

সিইবিআরের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ তার পোশাক রফতানি, ক্রমবর্ধমান প্রবাসী আয়, ভারতের বাজারে শুল্কমুক্ত পণ্য রফতানি সুবিধা, অভ্যন্তরীণ ভোগ ব্যয় ও সরকারি ব্যয় থেকে উপকৃত হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় ৪৩ শতাংশ বাংলাদেশি কৃষিখাতে কাজ করে, যাদের বেশিরভাগই ধান ও পাট উৎপাদন করে। তবে ভুট্টা, সবজি ও গম উৎপাদনও বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে ভূমিকা রাখছে।