হাওর রক্ষা বাঁধের কাজে অনিয়মে ৪ জনের কারাদণ্ড

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-২৪ ২০:১৩:৫৯


সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে অনিয়ম ও অবহেলার অভিযোগে চার পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সভাপতি ও সাধারণ সম্পাদককে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রোববার (২৪ ফেব্রুয়ারি) ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফিউল্লাহ  তাদের এই দণ্ড দেন ।

দন্ড পাওয়া চার ব্যক্তি হলেন, ২৭ নং পিআইসির সভাপতি আলী আহমদ, ৩ নং পিআইসির সাধারণ সম্পাদক মনজু মিয়া, ১১ নং পিআইসির সাধারণ সম্পাদক আবুল খায়ের ও ১২ নং পিআইসির সাধারণ সম্পাদক মীর হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের জামখলা হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে ধীর গতি ও নানা অনিয়ম হচ্ছিল। কাজের দ্বায়িত্বে থাকা চারটি পিআইসির কমিটিকে বার বার কাজ স্বচ্ছ ও দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়। কিন্তু প্রশাসনের কথা না শোনায় চারটি পিআইসির সভাপতি ও সাধারণ আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফিউল্লাহ বলেন, অভিযুক্তদের দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।