ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্রের দুই সদস্য আটক

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৯-২১ ১৫:৩৬:৪৭


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াত চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় জালিয়াতি চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অধিকতর তদন্তের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়। তাদের একজন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থী আর অন্যজন আহছানল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা যায়, শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে নূর-ই-সালমান নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসাবে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন ঢাবি শিক্ষার্থীরা।

আটক নূর-ই-সালমান প্রক্টরিয়াল টিমের কাছে জড়িত থাকার কথা স্বীকার করে। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) পুলিশের সহায়তায় অভিযান চালায় ঢাবি প্রশাসন।

এ সময় বুটেক্সের ওসমানী হল থেকে বেসরকারি আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়। এরপর তাদের দুইজনকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

সেখানে নূর-ই-সালমান জানান, তার দায়িত্ব হলো শিক্ষার্থী সংগ্রহ করে বুটেক্সের এক শিক্ষার্থীর কাছে নিয়ে যাওয়া। এরপর তারা ওই শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়। এ চক্রের মাস্টারমাইন্ড সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানান সালমান।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, এ পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছে চক্রের বিষয়ে অনেক তথ্য পাওয়া গেছে। মূল হোতাকে ধরতে অভিযান চলবে। তদন্তের স্বার্থে তাদের পুলেশের কাছে সোপর্দ করা হয়েছে।

সানবিডি/ঢাকা/এসআই