হরতালে স্বাভাবিক ব্যাংকপাড়া
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০২ ১২:৫০:২৬
বিএনপির ডাকা হরতালে তেমন প্রভাব পড়েনি রাজধানীর মতিঝিল ব্যাংকপাড়ায়। স্বাভাবিক নিয়মে চলছে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারের কার্যক্রম। ব্যাংকগুলোতে কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি গ্রাহকের উপস্থিতি রয়েছে স্বাভাবিক।
রোববার সকালে মতিঝিল, কমলাপুর, ফকিরাপুল, দৈনিক বাংলা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করে ঢাকায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।
হরতাল চলাকালে রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল, দৈনিক বাংলা, কমলাপুর, ফকিরাপুল এলাকার সড়কে যানবাহন চলাচল ছিল অনেকটা স্বাভাবিক।
এসব এলাকায় রাস্তার মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়মিত টহল দিতে দেখা গেছে। এছাড়া দু-একটি জায়গায় রায়ট কার (পুলিশের সাজোয়া জান) নিয়ে রাস্তায় টহল দিতে দেখা গেছে।
হরতাল কার্যক্রম প্রসঙ্গে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা নিজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, হরতালে কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি গ্রাহক উপস্থিতিও স্বাভাবিক। কোনো সমস্যা হচ্ছে না। সকাল থেকে যথানিয়মেই ব্যাংকিং লেনদেন চলছে।
এদিকে হরতালের কোনো প্রভাব পড়েনি দেশের দুই শেয়ারাবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। বিনিয়োগকারীদের উপস্থিতিতে স্বাভাবিক নিয়মে চলছে লেনদেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














