আমরন অনশনে যাচ্ছে রাবির পপুলেশন সাইন্স বিভাগের শিক্ষার্থীরা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০২ ১৭:২২:১৯
বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)-তে বিষয়কোড অন্তর্ভূক্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে ১০ম দিনের আন্দোলন অব্যাহত রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সাইন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। রোববার স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে র্যালি বের করে। পরে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় ওই একাডেমিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
আন্দোলনে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেয়।
এসময় মাস্টার্সের শিক্ষার্থী সোহাগ বলেন, আমরা আমাদের বিষয় কোড চাই। আমাদের পরিচয় চাই। আমাদের পরিচয় না থাকার কারণে আমরা সবরকম সুবিধা থেকে বঞ্চিত। আমরা যখন অনার্স শেষ করে একটি চাকরীতে আবেদন করতে যাই তখন আমাদের অন্যান্য পছন্দক্রমে পূরণ করে আবেদন করতে হয়। আমরা পিএসসি অধীনস্থ উচ্চ বিদ্যালয়ের নন-ক্যাডার পদগুলোতেও যেতে পারি না। প্রয়োজনে বিষয়কোডের জন্য আমরা বিষয়ের নাম পরিবর্তন করতে রাজি আছি।
আন্দোলনরত শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয়কোডের দাবি দীর্ঘদিনের। বিভিন্ন সময় শিক্ষকরা আমাদের এ বিষয়ে আশ্বাস দিয়ে আসছেন। আমরা কোন ধরনের আশ্বাসে আন্দোলন থামাবো না। যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দাবি আদায়ে যদি বিলম্ব হয় পূর্ব ঘোষণা অনুযায়ী আমরণ অনশন করতে বাধ্য হবো।
এসময় শিক্ষার্থীরা বিভাগের শিক্ষকের নিকট বিষয়টি সমাধানের কথা উত্থাপন করলে আগামীকাল একটি মিটিং করে বিষয়টি সমাধান করবে বলে জানায় বিভাগের শিক্ষকরা ।
এবিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি প্রফেসর মো. নজরুল ইসলাম মন্ডল বলেন, আমরা ইতিমধ্যে পিএসসি, শিক্ষামন্ত্রণালয়, উপ-উপাচার্যের সঙ্গে যোগাযোগ করেছি । সমস্যাটি একটি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে ।
জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, শিক্ষার্থীদের বিষয়কোডের সমস্যাটি সিন্ডিকেট সভায় উত্থাপন করে প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে ।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













