জাবি ছাত্রলীগ সভাপতির রুমে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা!

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৩ ১৪:৪৯:২০


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার রুম লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা গুলি ছুড়েছে তা এখনও জানা যায়নি। এ সময় কোন হতাহতের ঘটনা না ঘটলেও পুরো রাত আতঙ্কে পার করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ছয়মাস ধরে সাধারণ সম্পাদক ছাড়াই চলছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এছাড়া গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতিকে ক্যাম্পাস ছাড়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা। শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি, ছয় মাস আগে ক্যাম্পাস থেকে সাধারণ সম্পাদকের লাপাত্তা হয়ে যাওয়া, সংকটময় মূহুর্তে সভাপতিকে পাশে না পাওয়া ও তার বিরুদ্ধে একনায়কতান্ত্রিক মনোভাবের অভিযোগ এনে সভাপতি জুয়েল রানার প্রতি এ অনাস্থা জানান তারা। এদিকে সভাপতির প্রতি অনাস্থা জ্ঞাপন করে তাকে ছাড়াই বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন নেতা-কর্মীরা। এছাড়া সকল ধরনের কর্মসূচিতে সভাপতি জুয়েল রানাকে প্রতিহত করারও ঘোষণা দেন তারা।

এসব ঘটনার প্রেক্ষিতে শাখা ছাত্রলীগের বিদ্রোহীদের কেউ বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে এই ঘটনা ঘটাতে পারে বলে অভিযোগ করেছেন আ ফ ম কামাল উদ্দিন হল ছাত্রলীগ নেতারা।

তবে বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা বলছেন, তাদের কোনো নেতাকর্মী এই ধরনের কাজের সাথে জড়িত নয়। বরং তাদেরকে ফাঁসানোর জন্য সভাপতি নিজেই এই ঘটনা ঘটিয়েছেন।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ‘গতকাল রাতে কামাল উদ্দিন হলে আমার রুম (২৫১ নম্বর) লক্ষ্য করে কারা যেন গুলি ছুড়েছে। এর পর থেকে আমি আতঙ্কে সময় পার করছি এবং নিরাপত্তাহীনতায় আছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কেন্দ্রীয় ছাত্রলীগকে সব বিষয়ে জানিয়েছি তারা ব্যবস্থা নিবে বলেছে।’

এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আ ফ ম কামাল উদ্দিন হলের প্রাধ্যক্ষ আ স ম ফিরোজ-উল-হাসান গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। এ ঘটনায় কারা জড়িত তা খুঁজে দেখা হচ্ছে। ক্যাম্পাসে নিরাপত্তার জন্য আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবো।’

সানবিডি/এনজে