প্রাণঘাতি করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৪২৬
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২০-০২-০৪ ১২:১২:৪৮
ভয়াবহ প্রাণঘাতি করোনাভাইরাস ক্রমেই আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বাড়ছেই। দেশটিতে এখন পর্যন্ত ৪২৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার দেশটির হুবেই প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে সেখানে আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে।
দেশটির হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, নতুন করে সেখানে আরও দুই হাজার ৩৪৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত মোট ১৯ হাজার ৫৫০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ২০টির বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।
এছাড়া চীনের বাইরে ফিলিপাইনে একজন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের জরুরি ভিত্তিতে মাস্ক, প্রটেক্টিভ স্যুট এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী প্রয়োজন।
গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই চীন থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে। মানুষ থেকে মানুষে সংক্রমণের এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপান।
ফিলিপাইনসহ অনেক দেশই এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন থেকে আগতদের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে। অনেক দেশের এয়ারলাইন্স চীনগামী ফ্লাইটও বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।
করোনাভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ কী?
এ ভাইরাসে আক্রান্ত হলে শুরুতে জ্বর ও শুষ্ক কাশি হতে পারে। এর সপ্তাহখানেক পর শ্বাসকষ্টও দেখা দেয়। অনেক সময় নিউমোনিয়াও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে রোগীর অবস্থা বেশি খারাপ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা লাগে। তবে এসব লক্ষণ মূলত রোগীরা হাসপাতালে ভর্তি হওয়ার পরই জানা গেছে।
সেক্ষেত্রে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার একদম প্রাথমিক লক্ষণ কী বা আদৌ তা বোঝা যায় কি-না তা এখনও অজানা। তবে নতুন এই করোনাভাইরাস যথেষ্ট বিপজ্জনক। সাধারণ ঠান্ডা-জ্বরের লক্ষণ থেকে এটি মৃত্যুর দুয়ার পর্যন্তও নিয়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের নাম দিয়েছে ২০১৯ নভেল করোনাভাইরাস।
এদিকে, বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংস্থা গ্রুপ অব সেভেন (জি-৭) ভুক্ত কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত রোগী মিলেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে করোনাভাইরাস মোকাবিলায় যথাযথ সহায়তা না করে সতর্কতা জারি করে নাগরিকদের ফিরিয়ে নিয়ে যুক্তরাষ্ট্র আতঙ্ক ছড়াচ্ছে। মঙ্গোলিয়া, রাশিয়া এবং নেপাল ইতোমধ্যে চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। আধা-স্বায়ত্তশাসিত হংকং দুটি ছাড়া চীনের সঙ্গে সব স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














