জাবিতে চাকরির আবেদন ফি কমানোর দাবিতে মানববন্ধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৪ ১৪:০৪:৩৭
চাকরিতে নিয়োগ পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ এর ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার সংলগ্ন সড়কে গিয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা অনেকেই মধ্য এবং নিম্ম মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় যে হারে নিয়োগ পরীক্ষার ফি নির্ধারণ করা হয় এতে তাদের পক্ষে আবেদন করা সম্ভব হয় না বলে জানান মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা।
এছাড়া তারা সকল ধরণের নিয়োগ পরীক্ষার আবেদন ফি দুইশ’ টাকার মধ্যে রাখার দাবি জানান।
মানববন্ধনে কর্মসূচির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী শাকিল উজ জামান বলেন, ‘উন্নত বিশ্বে যেখানে সরকার থেকে বেকারদের ভাতা দেয়া হয় সেখানে আমাদের দেশে চাকুরির পরীক্ষার নামে বেকারদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। অনতিবিলম্বে আবেদন ফি সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে হবে। সকল ধরণের নিয়োগে আবেদন ফি দুইশ’ টাকার বেশি নেওয়া যাবে না। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বিশ্ববিদ্যালেয়র বিভিন্ন বিভাগের সাবেক ও বর্তমান প্রায় দেড়শ’ শিক্ষার্থী অংশ নেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













