মৌ মেলার বিক্রি ৫০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০২-১৯ ২১:১২:৫৬


শেষ হলো চতুর্থ জাতীয় মৌ মেলা-২০২০। তিনদিনের এই মেলা বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শেষ হয়। এবার মেলায় ৫০ লাখ টাকার মধু বিক্রি হয়েছে। গতবছর এই বিক্রির পরিমাণ ছিল ৩০ লাখ টাকা।

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়াম চত্বরে তিন দিনব্যাপী (১৭-১৯ ফেব্রুয়ারি) এই মেলার আয়োজ করা হয়েছিল।

বুধবার বিএআরসি অডিটোরিয়ামে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস ও ড. শেখ মো. বখতিয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ। স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের হর্টিকালচার উইংয়ের পরিচালক মো. কবির হোসেন।

এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল- ‘পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মৌচাষ’। মেলায় ৬টি সরকারি ও ৬৮টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়।

এদিকে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মেলার প্রতিপাদ্যের সঙ্গে স্টলের সামঞ্জস্য, সাজসজ্জা, প্রদর্শিত মধু আইটেমের সংখ্যা ও প্রযুক্তি প্রদর্শন করে সরকারি পর্যায়ে প্রথম হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর ও দ্বিতীয় হয়েছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট এবং তৃতীয় হয়েছে কৃষি তথ্য সার্ভিস।

বেসরকারি পর্যায়ে প্রথম হয়েছে আয়ুবেদী ফার্মেসী (ঢাকা) লিমিটেড, দ্বিতীয় হয়েছে স্বদেশী মধু এবং যৌথভাবে তৃতীয় হয়েছে আল ওয়ান এন্টারপ্রাইজ ও সিমু এন্টারপ্রাইজ। মেলায় অংশ নেওয়া অন্যান্য প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হয়।

এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।