অর্থনৈতিকভাবে বিশ্বের বিস্ময় এখন বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২০ ১৯:১১:০২


রাজনৈতিক সদিচ্ছা ও রাজনৈতিক প্রতিশ্রুতির কারণে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে বিশ্বের বিস্ময় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এসডিজি বিষয়ক এক প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। বেসরকারি খাতে প্রথমবারের মতো এই প্রতিবেদনটি প্রকাশ করে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

তিনি বলেন, ২০৩০ নাগাদ এসডিজি অর্জন করতে হলে বাংলাদেশকে প্রতিবছর আট থেকে ১৩ ট্রিলিয়ন ডলার খরচ করতে হবে। এর জন্য সরকারের পাশাপাশি প্রাইভেট খাতকে এগিয়ে আসতে হবে।

সামাজিক ব্যবসা বিষয়ক উদ্যোগ সিএসআর সেন্টার ও ক্রেডিট রেটিং এজেন্সি বাংলাদেশের যৌথ সহযোগিতায় এ প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাইভেট খাত এগিয়ে এলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। এছাড়াও এসডিজি অর্জনে চাই পাঁচটি ‘পি’- পিপল (জনগণ), প্ল্যান (পরিকল্পনা), পারসেপশন (মনোভাব), পিস (শান্তি) ও পার্টনারশিপ (অংশীদারিত্ব)।

তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনায় এসডিজিকে অন্তর্ভুক্তির মাধ্যমে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বাংলাদেশ। এসডিজি এর ১৬৯টি বিষয়কে সামনে রেখে ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আর সেগুলো বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।

এর আগে এক প্যানেল আলোচনায় অংশ নেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব আসাদুল ইসলাম, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার সদস্য মোশাররফ হোসেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট চ্যাটার্টন ডিকসন, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সিপ্পো এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানাহ চৌধুরী।