গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ ৭ জন নিহত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৯ ১৪:৫৫:৪০
রাজশাহীর গোদাগাড়ীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ ৭ জন নিহত হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়ক কাদিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজশাহী নগরীর দেবাশিংপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোসাব্বের আলী আকাশ (৪০), তার স্ত্রী হাসনারা (৩৫), চাঁপাইনবাবগঞ্জ চর চাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার মেয়ে আশিয়া (৩০) আশিয়ার মেয়ে রাফিয়া(৩) মোসাব্বের আলী আকাশের ৪ মাসের শিশু পত্র আদিব আল হাসান, মেয়ে মোসফেরা(৮) ও মেহেরচন্ডী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান (৩৫)।
পুলিশ সূত্র জানায়, রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়কের কাদিপুর নামক স্থানে একটি বিয়ের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন আর হাসপাতালে নেয়ার পথে ৫ জনের মৃত্যু হয়।
নিহতদের পরিবার জানায় নিহতরা প্রাইভেটকার যোগে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ীতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল ইসলাম বলেন, প্রাইভেটকারটি রাজশাহী থেকে চাপাইনবাবগঞ্জের দিকে যাওয়ার পথে আরেকটি গাড়ী অতিক্রম করার কারণে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














