পাম অয়েলের দাম গড়ে ৯ শতাংশ কমেছে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-১৪ ১২:৩৮:৫২


চলতি সপ্তাহে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে মালয়েশীয় পাম অয়েলের দাম ৯ শতাংশ কমে গেছে। নভেল করোনাভাইরাসের প্রকোপে বৈশ্বিক অর্থনীতির বর্তমান অবস্থা বেহাল, যা পণ্যটির দাম হ্রাসের পেছনে মূল প্রভাবক হিসেবে কাজ করেছে। খবর রয়টার্স ও ইকোনমিক টাইমস।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গতকাল শুক্রবার কার্যদিবসের শুরুতে আগামী মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি টন পাম অয়েলের দাম দাঁড়িয়েছে ১ হাজার ২২৬ রিঙ্গিত (স্থানীয় মুদ্রা) বা ৫১৯ ডলার ১২ সেন্ট, আগের দিনের তুলনায় যা ৫১ রিঙ্গিত বা ১ দশমিক ২৪ শতাংশ কম। এছাড়া চীনের ডালিয়ান এক্সচেঞ্জে গতকাল পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় ৩ দশমিক ৩৪ শতাংশ কমেছে।

মালয়েশীয় পাম অয়েলের দরপতনের এ হার সর্বশেষ গত বছরের অক্টোবরে দেখা গিয়েছিল। বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়ায় নভেল করোনাভাইরাসকে সম্প্রতি বিশ্ব মহামারী হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারে ধস নামতে শুরু করেছে। এর প্রভাব পড়েছে পাম অয়েলের বাজারেও।

এদিকে আসন্ন রোজার আগে মালয়েশিয়া থেকে পাম অয়েলের রফতানি বেড়েছে। অন্যদিকে দেশটিতে পণ্যটির উৎপাদন ক্রমেই কমছে। ফলে গত ফেব্রুয়ারিতে দেশটিতে পণ্যটির মজুদ কমে ১৭ লাখ টনের কাছাকাছি নেমে গিয়েছিল। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে ভোজ্যতেলটির সমাপনী মজুদ ছিল ১৭ লাখ ৬০ হাজার টন। ফেব্রুয়ারিতে এসে পণ্যটির সমাপনী মজুদ ৪ দশমিক ২ শতাংশ কমে ১৬ লাখ ৮০ হাজার টনে নেমে যায়। সে হিসাবে এক মাসের ব্যবধানে দেশটিতে পণ্যটির সমাপনী মজুদ ৮০ হাজার টন কমেছে।

অন্যদিকে পাম অয়েলের সঙ্গে সঙ্গে কমতির দিকে রয়েছে সয়াবিন তেলের দামও। ডালিয়ান এক্সচেঞ্জে গতকাল ভোজ্যতেলটির দাম আগের দিনের তুলনায় ২ দশমিক ৪৬ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ভোজ্যতেলটির দাম কমেছে ১ দশমিক ৩৯ শতাংশ।
সানবিডি/ঢাকা/এসএস