রাজনৈতিক নেতাদের ‘আলসেমিতে’ বিপর্যস্ত ইতালি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২২ ১৫:০৮:২১


রাজনৈতিক নেতাদের অবহেলা ও আলসেমির কারণে ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণ ভয়ংকর রুপ নিয়েছে বলে মন্তব্য করেছেন পাদোভা বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি এবং মাইক্রোবায়োলজির অধ্যাপক ড. জর্জিও প্যালো। ভাইরোলজির ইউরোপীয় এবং ইতালিয়ান সোসাইটির প্রাক্তন এই প্রধান জানান, রাজনীতি ও বর্ণবাদ নিয়ে বেশি সময় নষ্ট না করলে করোনাতে ইতালির মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব হতো।

মার্কিন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ওই সাক্ষাৎকারে অধ্যাপক ড. জর্জিও প্যালো বলেন, ‘ইতালির সরকারের ব্যর্থতার জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারের উচিত ছিল ১০টি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা না দিয়ে অনেক আগেই পুরো দেশ লকডাউন করা। সেক্ষেত্রে আইসোলেশন ছিল সবচেয়ে উত্তম পন্থা।’

সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, ‘রাজনীতিগত কারণে সরকার পদক্ষেপ নিতে দেরি করেছে। এক কথায় বলা যায় শুরুতেই আলসেমি। চীন বা অন্যান্য দেশে থেকে যারা আসবে তাদের আইসোলেশনে রাখার বিষয়ে এর আগে কথা হয়েছিল। বর্ণবাদের কারণে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়নি ইতালি সরকার।’

ইতালিয়ানরা বর্ণবাদের ধারণা নিয়ে এতটাই ডুবে ছিলেন যে দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে চীন থেকে মানুষ আসা বন্ধ করার পরও ফ্লোরেন্সের মেয়র চীনা আলিঙ্গন বলে একটি উৎসব পালন করেন।
সানবিডি/ঢাকা/এসএস