পোশাক শ্রমিকদের করোনা টেস্ট
আধুনিক ল্যাব উদ্বোধন করলো বিজিএমইএ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৬-০৪ ১৪:৪৪:৩৮
বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকদের করোনাভাইরাস পরীক্ষার জন্য দেশের প্রথম ‘স্টেট অব দ্যা আর্ট কোভিড-১৯ ল্যাব’ চালু করলো পোশাক কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। ল্যাবটির কারিগরি সহায়তা করছে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বাডাস)।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ল্যাব উদ্বোধন করা হয়।
এ ব্যাপারে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুসারে দেশে প্রথম বিশ্বমানের ‘স্টেট অব দ্যা আর্ট কোভিড-১৯ ল্যাব’ তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে গাজীপুরের চন্দ্রায় ড. ফরিদা হক মেমোরিয়াল জেনারেল হাসপাতালে প্রধান ল্যাবের কার্যক্রম শুরু হবে। সাভারেও ল্যাব করা হবে। আন্তর্জাতিক মানের এসব ল্যাব সেন্টারে প্রতিদিন ৪০০টি করে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা যাবে। পর্যায়ক্রমে শিফটসহ নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়ানো হবে। এ ছাড়া পরবর্তীতের নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ল্যাব করা হবে। এতে এবং ল্যাব খরচ দেবে বিজিএমইএ।
অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক। উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এফবিসিসিআই ও বিজিএমইএ’র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ’র সাবেক সভাপতি আবদুস সালাম মুশের্দী, শ্রম সচিব কে এম আব্দুস সালাম, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বাডাস) সভাপতি প্রফেসর ডা. এ কে আজাদ খান প্রমুখ।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














