মহামারী করোনায় চার লাখ অতিক্রম করল বৈশ্বিক মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-০৮ ০৭:১৬:৩৪
মহামারী করোনায় নাকাল পৃথিবীর মানুষ। নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে গোটা পৃথিবীর পৌনে এক কোটি মানুষ। বিপুলসংখ্যক মানুষ লক্ষণ-উপসর্গ নিয়েও পরীক্ষার বাইরে। অন্যদিকে ভাইরাসটির উপসর্গমুক্ত বাহকরা থেকে যাচ্ছে গণনার বাইরে। প্রথম শনাক্তের ছয় মাস পেরিয়ে গেলেও বিশ্বব্যাপী বিজ্ঞানী-বিশেষজ্ঞরা এখনো ভাইরাসটির গতি-প্রকৃতিই বুঝে উঠতে পারছেন না। এর বিপরীতে তরতর করে বাড়ছে মৃত্যু সংখ্যা। বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসে নিশ্চিতভাবে সংক্রমিতদের মৃত্যুর সংখ্যা চার লাখ ছাড়িয়েছে গতকালই।
শুরু থেকেই কভিড-১৯ মহামারীর ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। সংক্রমিত দেশগুলোয় সরকারিভাবে প্রচারিত আক্রান্ত-মৃত্যুর তথ্য একাট্টা করে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করছে বিশ্ববিদ্যালয়টি। গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রকাশিত তথ্য বলছে, বিশ্বে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯-এ আক্রান্ত হয়েছে ৬৯ লাখ ৩৫ হাজার মানুষ। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ৩৭৫ জন।
চীনের উহানে উত্পত্তি হওয়া নভেল করোনাভাইরাসকে শুরুতে পাত্তাই দেয়নি যুক্তরাষ্ট্র । সেই যুক্তরাষ্ট্রই এখন নভেল করোনাভাইরাসে সংক্রমণের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে। বিশ্বে মোট করোনা সংক্রমণের এক-তৃতীয়াংশই ঘটেছে যুক্তরাষ্ট্রে। গতকাল পর্যন্ত দেশটিতে মোট কভিড পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ১৯ লাখ ২০ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ১০ হাজার মানুষের।
এর পরের অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬ লাখ ৭৩ হাজার। মৃত্যু হয়েছে ৩৬ হাজার মানুষের। তিনে থাকা রাশিয়ায় রোগীর সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে। প্রতিদিন দেশটিতে নতুন করে কম-বেশি ১০ হাজার মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হিসেবে শনাক্ত হচ্ছে।
অন্যদিকে স্পেন ও যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলে দাবি করছে দেশ দুটির সরকার। দুটি দেশেই গতকাল পর্যন্ত তিন লাখের কাছাকাছি করোনা রোগী ছিল। এর মধ্যে স্পেনে ২৭ হাজার ও যুক্তরাজ্যে ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ তালিকায় লাফিয়ে লাফিয়ে ওপরে উঠছে প্রতিবেশী ভারত। গতকালই দেশটিতে কভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা আড়াই লাখে চলে এসেছে। মৃতের সংখ্যা প্রায় সাত হাজার।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














