সংসদে ৪৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৬-১৫ ২০:৩৭:২৪
চলতি ২০১৯-২০ অর্থবছরের জন্য ৪৬ হাজার ৫১৬ কোটি ১১ লাখ ১০ হাজার টাকার সম্পূরক বাজেট সংসদে পাস হয়েছে। গতকাল সোমবার সকালে জাতীয় সংসদে ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২০ উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সম্পূরক বাজেটের ওপর বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপি ও গণফোরামের সংসদ সদস্যরা ১৬৭টি ছাঁটাই প্রস্তাব দেন। তবে সেগুলো কণ্ঠভোটে বাতিল হয়। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। সরকারের যেসব মন্ত্রণালয় বা বিভাগ তাদের মূল বরাদ্দের থেকে বেশি খরচ করেছে তার অনুমোদন নিতেই প্রতি বছর এই বাজেট পাস করা হয়।
সংশ্লিষ্ট মন্ত্রীদের পক্ষে পাঁচটি মঞ্জুরি দাবি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উত্থাপিত দাবিগুলো ছিল- প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপষিদ বিভাগ, পরিকল্পনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ সংশ্লিষ্ট।
ছাঁটাই প্রস্তাবগুলোর মধ্যে সমাজকল্যাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বাকিগুলো সরাসরি ভোটে দেওয়া হয়। অর্থমন্ত্রী ছাড়াও সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নেন সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টিও চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, আওয়ামী লীগের সাংসদ আবুল হাসান মাহমুদ আলী, তাহজীব আলম সিদ্দিকী ও ওয়াসিকা আয়েশা খান এবং বিএনপির হারুন-অর-রশিদ। বিএনপির নেতা হারুন দেরি করে সংসদে আসেন। যখন অর্থমন্ত্রীকে সমাপনী বাজেট বক্তৃতা দেওয়ার অনুরোধ জানান, তখনই হারুন হাত তোলেন। এ সময় তাকে বক্তৃতার সুযোগ দেওয়া হয়। এ সময় তিনি সরকারদলীয় সদস্যদের কিছুটা বাধার মুখে পড়েন। পওে তিনি বক্তব্য রাখেন।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ২৪ টি মঞ্জুরি দাবির ভিত্তিতে সম্পূরক বাজেটটি কণ্ঠভোটে পাস হয়।
সম্পূরক বাজেটে অর্থ বিভাগ সর্বোচ্চ ৩৬ হাজার ৩৫৬ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। সবচেয়ে কম ১ কোটি ৫৪ লাখ কম বরাদ্দ পেয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। সম্পূরক বাজেট করোনা দুর্যোগ মোকাবেলার জন্য স্বাস্থ্যসেবা খাত, স্বাস্থ্য চিকিৎসা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অতিরিক্ত তিন হাজার ৬০৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সংসদে উত্থাপিত বিদায়ী অর্থবছরের সম্পূরক আর্থিক বিবৃতিতে বলা হয়, ২০১৯-২০ অর্থবছরের মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয়/বিভাগের অনুক’লে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে ২৬টি মন্ত্রণালয়/বিভাগের বরাদ্দ ৪৬ হাজার ৫১৬ কোটি ১১ লাখ ১০ হাজার টাকাৃ বেড়েছে এবং ৩৫টি মন্ত্রণালয়/বিভাগের বরাদ্দ ১৮ হাজার ৩৫৩ কোটি ৯৭ লাখ টাকা কমেছে। সার্বিকভাবে ২১ হাজার ৬১৩ কোটি টাকা হ্রাস পেয়ে সংশোধিত বরাদ্দ নিট দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার ৫৭৭ কোটি টাকা।
গত ১১ জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের সাধারণ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। একই সঙ্গে পেশ হয় চলতি ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেট। এবার সম্পূরক বাজেট নিয়ে মোট ৭০ মিনিট আলোচনা হয়। গতকাল একদিনই সম্পূরক বাজেটের ওপর আলোচনা করে এটি পাস করা হয়। সম্পূরক বিল পাস হওয়ার স্পিকার শিরীন শারমিন চৌধুরী আগামী ২৩ জুন পর্যন্ত সংসদেও বৈঠক মুলতবি করেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













