গ্রাহকদের টাকা কম নয়;বেশি আছে:এপেক্স ইনভেস্টমেন্ট

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৭-০৯ ২২:৫৪:০৭


বিনিয়োগকারীদের হিসাব থেকে টাকা সরানোর সংবাদটি সঠিক নয় বলে দাবী করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান এপেক্স ইনভেস্টমেন্ট লিমিটেড। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটি গ্রাহকদের হিসাব থেকে অন্য হিসেবে সরিয়ে নিয়েছে। এরই প্রেক্ষিতে এই বিষয়টি পরিস্কার করলো এপেক্স ইনভেস্টমেন্ট।

কোম্পানিটির দাবী, বিষয়টি নিয়ে একটু ভুল ভুল বোঝাবুঝি হয়েছে। গ্রাহকদের সমন্বিত হিসাবের অর্থ ঘাটতি নেই। বুধবার ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকে স্টক এক্সচেঞ্জের ম্যানেজমেন্টের উপস্থাপন করা এক প্রতিবেদনে জানানো হয় ১৫টি ব্রোকারহাউজের সমন্বিত গ্রাহকদের হিসেবে ৪৬ কোটি ৮৭ লাখ টাকা ঘাটতি আছে। ডিএসইর প্রতিবেদন অনুসারে, এপেক্স ইনভেস্টমেন্টে সমন্বিত গ্রাহক একাউন্টে ২১ কোটি ৫৫ লাখ টাকা ঘাটতি পাওয়া গেছে। তারা গত ২৫ জুন ব্রোকারহাউজগুলোর কাছে সমন্বিত গ্রাহক অ্যাকাউন্টের তথ্য চেয়ে যে চিঠি পাঠিয়েছিলেন তার প্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোর পাঠানো প্রতিবেদন পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোকে ৭ কার্যদিবসের মধ্যে ওই টাকা ফেরত দেওয়ার জন্য চিঠি দেওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না হলে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত হয়। কিন্তু এপেক্স ইনভেস্টমেন্ট তার অনেক আগেই ডিএসইতে যে ডকুমেন্টস পাঠানো হয়েছে তাতে গ্রাহক হিসাবে টাকা ঘাটতি নেই, বরং বেশি আছে বলেই দাবি করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়,২৫ মার্চ থেকে পুঁজিবাজার অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করায় এবং তার পূর্ব থেকেই ক্রমাগত পতনের কারনে পরিচালনা ব্যয় মিটানো দুরহ হয়ে পড়েছিল। একই সাথে মার্জিন ঋণধারী গ্রাহকদের থেকে নগদে ঋণের সুদ আদায় করা সম্ভব হচ্ছিল না। অন্যদিকে বিরুপ পরিস্থিতিতে প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহে ওডি হিসাব থেকে ঋণ নিতে হয়েছে। বন্ধকালীন সময়ে ওডি হিসাবে সুদের চাপ এড়াতে সমন্বিত গ্রাহক হিসাব থেকে ওই টাকা সাময়িকভাবে ওডি হিসাবে স্থানান্তর করা হয়। আবার গত ৩০ জুনের আগেই তা গ্রাহক হিসাবে স্থানান্তর করা হয়। বিশেষ পরিস্থিতিতে নেওয়া এই ব্যবস্থার ফলে আইনের কিছুটা লঙ্ঘন হয়েছে। কিন্তু তারা বিনিয়োগকারীদের আমানত আত্মসাত বা খেয়ে ফেলেননি।বরং ডিএসইতে ব্যাংকের স্টেটমেন্টসহ সকল ডকুমেন্টস পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। এটা ভুলবসত হয়েছে।

এ বিষয়ে এপেক্স ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কাজুরি বলেন, দেশের একটি অন্যতম শিল্প গ্রুপ হলো অ্যাপেক্স। এই গ্রুপের ব্যবসার সুনাম ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ হবে না কোন প্রতিষ্ঠানের মাধ্যমে।

তিনি আরও বলেন, আমরা আমাদের সুনাম নিয়ে ব্যবসা পরিচালনা করেত চাই।  কোনোভাবেই এখানে গ্রাহকদের টাকা এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। আমাদের এখানে গ্রাহকদের বিনিয়োগ শতভাগ নিরাপদ। আমরা যে কোনো মূল্যে এই বিনিয়োগের নিরাপত্তা, গ্রাকদের আস্থা ও আমাদের মর্যাদা ধরে রাখতে বদ্ধপরিকর।গ্রাহকদেরকে উদ্বিগ্ন না হয়ে এপেক্স ইনভেস্টমেন্ট এর প্রতি আগের মতোই আস্থা রাখার অনুরোধ করে বলেন, এপেক্স ইনভেস্টমেন্টস এর গ্রাহকের টাকা প্রদান কিংবা ডিএসই সেটেলমেন্টে কোম্পানির শুরু থেকে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।

তিনি বলেন, ডিএসইর সাথে যোগাযোগের গ্যাপের কারণে এমনটি হয়েছে। টাকা ইতোমধ্যে সমন্বয় করা হয়েছে; বিষয়টি ইতোমধ্যে ডিএসইকে লিখিতভাবে জানানো হয়েছে।