সামিটের প্রকল্পে আন্তর্জাতিক অর্থায়ন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির বহিঃপ্রকাশ
দুটি পুরস্কার পেল সামিট গ্রুপ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-১৩ ১৮:৩৮:০৮
অ্যাসেট ট্রিপল-‘এ’ এশিয়া ইনফ্রাস্ট্রাকচার অ্যাওয়ার্ড ২০২০-এ সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের দুইটি অঙ্গপ্রতিষ্ঠানের প্রকল্প অর্থায়ন ‘দক্ষিণ এশিয়ার বছরের সেরা চুক্তি’ – পুরস্কার লাভ করেছে। পুরস্কার দুটি হলো ‘অয়েল এন্ড গ্যাস ডিল অফ দ্য ইয়ার’ এবং ‘পাওয়ার ডিল অফ দ্য ইয়ার’। প্রকল্প অর্থায়নের ক্ষেত্রে সেরা চুক্তির কারণে সামিট বৈশ্বিক প্রতিযোগিতামূলক দরে বিদ্যুৎ উৎপাদন এবং এলএনজি সরবরাহ করতে পারছে।
সামিট এলএনজি টার্মিনাল কো. লিমিটেডের ৯৭ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অর্থায়ন ‘অয়েল এন্ড গ্যাস ডিল অফ দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছে। জাপানের সুমিতোমো মিতসুই ব্যাংকিং কর্পোরেশন (এসএমবিসি) এই অর্থায়নে প্রধান উদ্যোক্তার ভূমিকা পালন করেছে। এটি বাংলাদেশের প্রথম এলএনজি খাতের লেনদেন যা নন-রিকোর্স ভিত্তিতে একটি আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যাংক সম্পূর্ণ অর্থায়ন করেছে। বাংলাদেশের বেসরকারি খাতে অবকাঠামো প্রকল্পগুলোর বাণিজ্যিক ব্যাংকিং সেবার আওতায় এটি একটি বড় ধাপ।
এছাড়া, নির্মাণাধীন সামিট মেঘনাঘাট ২ পাওয়ার কোম্পানী লিমিটেড ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের দ্বৈত-কিস্তি ভিত্তিক ঋণ লাভের জন্য ‘পাওয়ার ডিল অফ দ্য ইয়ার’ অর্জন করেছে। সামিট গ্রুপ এবং জিই ক্যাপিটাল এক্ষেত্রে প্রধান পৃষ্ঠপোষক ছিল। সহযোগী ঋণদাতা ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)। সুইস এসইআরভি হলো এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি যারা কাঠামোগত অর্থায়ন এবং সমন্বয়ক ব্যাংক হিসেবে এই লেনদেনে ভূমিকা পালন করেছে। এই প্রকল্প অর্থায়নটি বাংলাদেশের স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদন খাতে সুইস এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির প্রথম ও সর্বোচ্চ সহায়তা প্রাপ্ত লেনদেন। জিই গ্যাস পাওয়ার বিদ্যুৎ প্রকল্পের জন্য টার্নকি চুক্তির ভিত্তিতে কাজ করছে, এবং প্রকল্পটির নকশা, সরঞ্জাম সরবরাহ এবং ইনস্টলেশন ও কমিশনারিংয়ের কাজগুলির জন্য দায়বদ্ধ। কম্বাইন্ড সাইকেলের এই বিদ্যুৎ কেন্দ্রটিতে জিই’র রেকর্ডকৃত এবং সবচেয়ে কার্যকরি হেভী-ডিউটি গ্যাস টারবাইন ৯এইচএ ইঞ্জিন ব্যবহৃত হবে যা দেশের সাত লক্ষ গৃহস্থালি, শিল্পে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে।
সামিট সম্পর্কে:
সিঙ্গাপুর ভিত্তিক সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১,৯৪১ মেগাওয়াট। সম্প্রতি জাপানের বৃহত্তম জ্বালানি খাতের কোম্পানি জেরা, সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২% মালিকানায় বিনিয়োগ করেছে।
অ্যাসেট ট্রিপল এ এশিয়া ইনফ্রাস্ট্রাকচার অ্যাওয়ার্ড ২০২০:
বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহকে তাদের নিজ নিজ খাতে উৎকর্ষ অর্জনের জন্য অ্যাসেট ট্রিপল এ অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। পুরস্কার প্রদানের ক্ষেত্রে অ্যাসেট ট্রিপল ‘এ’ অ্যাওয়ার্ডস-এর রয়েছে দুই দশকের বেশি অভিজ্ঞতা। ব্যবসা ও শিল্প খাতে সেরা প্রতিষ্ঠানসমূহকে চিহ্নিত করার ক্ষেত্রে অভাবনীয় অন্তর্দৃষ্টির কারণে পুরস্কারটি প্রতি বছরই প্রসার লাভ করেছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














