কোরবানীর হাটে গরু উঠলেও নেই ক্রেতা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-১৪ ০৯:৪১:০৭
এ বছর আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন হাটে পশু উঠতে শুরু করেছে। এই হাটগুলোতে দেখা মিলছে প্রচুর গরু, মহিষ, ছাগল ও ভেড়ার। তবে পশুর সমাগম বেশ হলেও ক্রেতার অভাব লক্ষ্য করা গেছে হাটগুলোতে। এ সময়টাতে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন হাটে বড় বড় বেপারীরা গিয়ে ১০, ১৫ এমনকি ২০ ট্রাক পর্যন্ত পশু কিনে আনেন। কিন্তু গত কয়েকদিনে কোনো হাটেই এ ধরনের কোনো ক্রেতার খোঁজ মেলেনি। তাছাড়া স্থানীয় ক্রেতারও দেখা মিলছে না বলে জানাচ্ছেন বেপারীরা। তারা বলছেন, হাটে কোনো ক্রেতাই নেই বলতে গেলে।
শনিবার (১১ জুলাই) দিনাজপুরের সবচেয়ে বড় পশুর হাট কাহারোল হাটে প্রচুর গরু উঠতে দেখা গেছে। বেপারীরা জানান, এই হাটে শুধু বলদ গরুই উঠে। হাটটি এতদিন অন্য স্থানে জমলেও এবার কাহারোল মহিলা কলেজ মাঠে বসেছে।
এই হাটে নোয়াখালী থেকে কবির নামে একজন বেপারী গেছেন গরু কিনতে। তিনি মোট ১৮টি বলদ গরু কিনেছেন। ৭০ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত গরু কিনেছেন কবির। তিনি বলেন, এই হাটে ভালো বলদ গরু পাওয়া যায় বলে শুনে এসেছি। যে কয়টা পছন্দ হয়েছে তা কিনেছি।
হাটে গরু বিক্রি করতে নিয়ে আসা এক বেপারী বলেন, নোয়াখালীর কবির ছাড়া হাটে কোনো বড় ক্রেতা নেই। অথচ শত শত বেপারী হাটে এসেছেন গরু নিয়ে। তারা গরু বিক্রি করতে না পেরে খুব হতাশ। এই হাটে ৫০ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ টাকা দামের বলদ গরু উঠেছে।
এ সময় দিনাজপুরের বিরল থেকে আটটি গরু নিয়ে হাটে আসা জমির আলী বলেন, ১০টায় হাটে এসেছি, এখন সন্ধ্যা হয়ে এসেছে, এর মধ্যে একটা পার্টিও এলো না অন্তত দাম জিজ্ঞেস করার জন্য।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














