কাল থেকে ইউএস-বাংলার ঢাকা-রাজশাহী ফ্লাইট শুরু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-২০ ১০:৩৬:২৫
মহামারি করোনা পরিস্থিতির কারনে প্রায় চার মাস পর মঙ্গলবার (২১ জুলাই) থেকে ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিদিন সকাল ১০টা ও বেলা ২টা৩০ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং ১০টা ৫০ মিনিট ও বেলা ৩টা ২০ মিনিটে পর্যায়ক্রমে শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করবে। এরপর সকাল ১১টা ২০মিনিট ও বেলা ৩টা ৫০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যায়ক্রমে দুপুর ১২টা ৫ মিনিট ও বেলা ৪টা ৩৫ মিনিটে অবতরণ করবে।
এই রুটে যাতায়াতের জন্য সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য ন্যূনতম ২ হাজার ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
এয়ারলাইনসটির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস ব্যবহার করে টিকিট করলে ভাড়ার ওপর ১২ শতাংশ মূল্যছাড়ের সুবিধা রয়েছে। এছাড়া ইউএস-বাংলার স্কাইস্টার গ্রাহকরা ১২ শতাংশ মূল্যছাড়ে এয়ারলাইন্সের সেলস অফিস থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
৭২ আসনের ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস। তাদের বহরে ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে।
বর্তমানে কভিড-১৯ মহামারীকালে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুট রাজশাহী ছাড়াও ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














