আজ পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম বন্দর ব্যবহার শুরু ভারতের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-২১ ০৯:১২:৪৬
ভারতের কলকাতায় অবস্থিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখী চারটি ট্রানজিট পণ্যবাহী কনটেইনার নিয়ে কোস্টাল জাহাজ ‘এমভি সেঁজুতি’ আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত ট্রানজিট চুক্তির আওতায় এবং দুই দেশের মধ্যে সম্পাদিত এসওপি (পরিচালন পদ্ধতির মান) অনুযায়ী প্রথম ট্রায়াল রান (পরীক্ষামূলক চলাচল) এটি। এতে প্রতিটি কনটেইনারের বিপরীতে সরকারি রাজস্ব আদায় করবে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। আর বন্দর ব্যবহার করার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পোর্ট ডিউজ, পাইলটেজ ফি ও অন্যান্য আনুষঙ্গিক চার্জ বা ফি আদায় করবে চট্টগ্রাম বন্দরের জন্য নির্ধারিত ট্যারিফ শিডিউল অনুযায়ী।
এই ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়াটি মূলত বাংলাদেশ হয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করার একটি সংক্ষিপ্ত পথ সৃষ্টি করবে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে সড়কপথে কনটেইনারে পণ্য পরিবহনের ক্ষেত্রে কী ধরনের জটিলতা আসতে পারে তা এ ট্রায়াল রানের মাধ্যমে চিহ্নিত করা হবে।
চট্টগ্রাম বন্দরের দেয়া তথ্য অনুযায়ী, এমভি সেঁজুতি আজ সকালে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়বে। বার্থ খালি থাকা সাপেক্ষে নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) ভেড়ানো হবে এটি। পরীক্ষামূলক পণ্য পরিবহন শুরু হওয়ার ফলে বাংলাদেশ হয়ে নৌ, সড়ক ও একাধিক পথে উত্তর-পূর্ব রাজ্যগুলোতে কম সময়ে ও কম খরচে পণ্য পাঠাতে পারবে ভারত। পরীক্ষামূলক চালানটিতে পণ্য পরিবহন বাবদ চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম কাস্টমসের পাশাপাশি বাংলাদেশের সড়কপথ ব্যবহারের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগ নির্ধারিত মাশুল আদায় করবে।
কাস্টমসের তথ্যমতে, ভারতীয় পণ্য ব্যবহারের জন্য বাংলাদেশ কাস্টমস সাত ধরনের মাশুল আদায় করবে। এ সাতটি হলো প্রতি চালানের প্রসেসিং ফি ৩০ টাকা, প্রতি টনের জন্য ট্রান্সশিপমেন্ট ফি ৩০ টাকা, নিরাপত্তা মাশুল ১০০ টাকা, এসকর্ট মাশুল ৫০ টাকা এবং অন্যান্য প্রশাসনিক মাশুল ১০০ টাকা। এছাড়া প্রতি কনটেইনার স্ক্যানিং ফি ২৫৪ টাকা এবং বিধি অনুযায়ী ইলেকট্রিক সিলের মাশুল প্রযোজ্য হবে। এ নির্ধারিত সাতটি মাশুল বাবদ বাংলাদেশ কনটেইনার প্রতি ৫৫ ডলার পর্যন্ত পাবে। এর সঙ্গে আলাদাভাবে যুক্ত হবে চট্টগ্রাম বন্দরের মাশুল।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














