এসএমই ঋণ বিতরণ তদারকি করবে বিসিক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-২১ ১৪:৪৮:১৯


দেশজুড়ে চলমান ভয়াবহ করোনা পরিস্থিতিতে অর্থনীতির চাকা গতিশীল রাখতে ক্ষুদ্র, মাইক্রো, কুটির ও মাঝারি শিল্পখাতের উদ্যোক্তাদের সহায়তার জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ঋণ বিতরণ কার্যক্রম তদারকি করবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। মঙ্গলবার (২১ জুলাই) শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার এএইচএম মাসুম বিল্লাহ এ তথ্য জানান।

ঘোষিত এই প্রণোদনা বিতরণে সার্বক্ষণিকভাবে প্রয়োজনীয় সহায়তা দিতে বিসিকের ছয় পরিচালককে দায়িত্ব দিয়ে গত ১৫ জুলাই আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএসএমই খাতের জন্য প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনক্রমে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি জেলায় এসএমই ঋণ বিতরণ কমিটি গঠন করা হয়েছে। বিসিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট জেলাগুলোতে এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নেও প্রয়োজনীয় সহায়তা দেবেন। এছাড়া জেলা এসএমই ঋণ বিতরণ কমিটির সভাগুলোর সিদ্ধান্ত এবং ফিডব্যাকসহ সমন্বিত প্রতিবেদন বিসিকের মাসিক সমন্বয় সভায় তুলে ধরবেন।

এ ব্যাপারে বিসিকের চেয়ারম্যান মো. মোশ্‌তাক হাসান বলেন, ‘৪২ জেলার এসএমই ঋণ বিতরণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অবশিষ্ট জেলাগুলোর সভাও খুব শিগগিরই অনুষ্ঠিত হবে।’

চেয়ারম্যান আরো বলেন, ‘ক্ষুদ্র, মাইক্রো, কুটির ও মাঝারি শিল্পসমূহের লোন রিকভারি রেট ৯৯ শতাংশ। এ ধরনের প্রতিষ্ঠানকে ব্যাংক থেকে ঋণ দেওয়া হলে তারা ক্ষুদ্র থেকে মাঝারি ও মাঝারি থেকে বৃহৎ শিল্পে পরিণত হতে পারবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।’

সানবিডি/এনজে