বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে, দামও কম
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৮-১৫ ১৩:২০:৪৫
রাজধানীর বাজারগুলোতে জাতীয় মাছ ইলিশের সরবরাহ বেড়েছে। আর সরবরাহ বেশি থাকায় দামও কমেছে।
দাম নাগালের মধ্যে থাকায় সন্তুষ্ট ক্রেতারাও।
শনিবার (১৫ আগস্ট ) রাজধানীর ইলিশ মাছের বাজার ঘুরে দেখা যায় এ চিত্র। বরিশাল, চাঁদপুরসহ বিভিন্ন আড়ত থেকে বাজারে আসছে রুপালি ইলিশ। করোনার এই সময় মাছ কিনতে আসা ক্রেতার সংখ্যাও নেহাত কম না।
বর্তমান বাজারে এক কেজি বা তার চেয়ে বড় মাছ বিক্রি হচ্ছে ৯০০-১০০০ টাকায়, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকায়, এর চেয়ে ছোট সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৪০০-৬০০ টাকার মধ্যে।
ইলিশ মাছ কিনতে আসা রায়হান মিয়া বলেন, বাজারে ইলিশ মাছের সরবরাহ যথেষ্ট বেড়েছে। দাম কম হওয়ায় ইলিশের বাজারে কিছুটা স্বস্তি আছে। তবে চাহিদা বৃদ্ধির সাথে সাথে বিক্রেতারা যেন দাম বাড়াতে না পারে সে ব্যাপারে কর্তৃপক্ষের নজর দিতে হবে।
ইলিশ মাছ ব্যবসায়ী মো. হারুনুর রশিদবলেন, যেহেতু এখন ইলিশের মৌসুম আর বাজারেও পর্যাপ্ত মাছ আছে সুতরাং দাম কিছুটা কম রয়েছে। তবে সাগরে গত সপ্তাহের তুলনায় মাছ কিছুটা কম ধরা পড়ছে ফলে মাছের আড়ত গুলোতেও বর্তমানে মাছ কিন্তু কম আসছে।
তিনি আরো বলেন, বাজারে ইলিশের সরবরাহ যথেষ্ট আছে এবং করোনার কারণে ক্রেতাদের চাহিদাও খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে না। বর্তমানে ইলিশের যে দাম রয়েছে সামনের দিকে মাছের দাম আরও কিছুটা কমবে বলে আশা করছি।
সানবিডি/আরএম/






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














