সিলেটে পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-০৯ ১৯:৩১:৪৩
সিলেটের কোম্পানিগঞ্জ,গোয়াইনঘাট, জৈন্তাপুর উপজেলায় অবস্তিত পাথর কোয়ারিসমূহ খুলে দিয়ে লাখো শ্রমিক-ব্যবসায়ীর জীবন-জীবিকা রক্ষা করার আহ্বান জানিয়েছেন বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার নগরীর এক অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা বলেন, এ এলাকার শ্রমজীবী ও ব্যবসায়ী পাথর আহরণ করে যুগ যুগ ধরে জীবিকা নির্বাহ করে আসছে। সিলেটে বৃহৎ শিল্প-কারখানা না থাকার দরুণ কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা না থাকায় এ পাথর কোয়ারিকে অবলম্বন করে বৃহৎ জনগোষ্ঠী নির্ভরশীল। বিগত কয়েক বছর পরিবেশ বিনষ্টের কারণে স্থানীয় প্রশাসন পাথর কোয়ারিসমূহ বন্ধ করে দিয়েছে। ফলে এ পেশার সঙ্গে সংশ্লিষ্ট লাখো মানুষের জীবনে নেমে এসছে গভীর অনিশ্চয়তা। নেতারা আরো বলেন, কিছু দুবৃর্ত্ত প্রভাবশালীদের ছত্রছায়ায় বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের কারণে পরিবেশের ক্ষতি ও শ্রমজীবী মানুষ পাথর আহরণ থেকে বঞ্চিত হয়। সাংবাদিকদের লেখনি ও প্রশাসনের কার্যকর ভূমিকার কারণে পাথর কোয়ারিগুলো বোমা মেশিন মুক্ত হয়। কিন্তু বোমা মেশিন বন্ধ করতে গিয়ে এলাকার পাথর কোয়ারিসমূহ বন্ধ করে দিয়েছে প্রশাসন।
চলমান করোনাকালীন সময়ে রোজগার বঞ্চিত লাখো মানুষ চরম দুঃসহ কষ্টে দিন কাটাচ্ছেন। এ অবস্থার উত্তরণের জন্য প্রান্তিক জনগোষ্ঠীকে বাঁচাতে পাথর আহরণের সুযোগ প্রদান অত্যন্ত জুরুরি বলে মত দেন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বোমা মেশিন মুক্ত, পরিবেশ বান্ধব পাথর আহরণের সুযোগ করে অত্র অঞ্চলের শ্রমিক-ব্যবসায়ীদের স্বার্থরক্ষার জোর দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ও বক্তব্য দেনÑ আবদুল জলিল, দেলওয়ার হোসেন, রফিকুল হক, ইলিয়ান উদ্দিন সেলিম, সাইফুল ইসলাম, নুরুল আমিন, সিরাজুল ইসলাম, শওকত আলী বাবলু, সাব্বির আহমদ, রফিকুল ইসলাম, আজিজ উদ্দিন, আতিক প্রমুখ।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













