বিদায়ী স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২০-১০-০১ ১৪:০৪:১১


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আছিয়া আক্তার (২০) নামে এক শিক্ষার্থী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে বগুড়া সদর উপজেলার মঠুরা গ্রামে এ ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি হুমায়ুন কবির বলেন, আজ (বৃহস্পতিবার) ভোরে ফজরের নামাজের আগে ঘরের বারান্দায় গলায় ফাঁস দিয়ে মেয়েটি আত্মহত্যা করে। তার বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করেছি। প্রেমঘটিত সমস্যার কারণে ঘটনাটি ঘটে বলে আমরা জানতে পেরেছি। তবে সে কিছুদিন থেকে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।

আছিয়া আত্মহত্যার আগে ক্ষমা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। নিজের ফেসবুক ওয়ালে তিনি লেখেন, ‘আমার ব্যবহারে কেউ কোনোদিন কষ্ট পেলে দয়া করে আমায় মাফ করবেন। কারণ, মৃত্যু কার কখন দুয়ারে আসে আমরা কেউ বলতে পারি না। আল্লাহ পাক সবাইকে ভালো রাখবেন।’

নিহত আছিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বগুড়ার সদর থানার মঠুরা গ্রামের মো. জালাল উদ্দীনের মেয়ে। তিন ভাই-বোনের মধ্যে আছিয়া দ্বিতীয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনাটি সম্পর্কে অবগত আছি এবং ওই শিক্ষার্থীর বাসায় খোঁজ নিয়েছি।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তোরাবি বিনতে হক নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

 

সানবিডি/নাজমুল/০২:০৩:০১.১০.২০২০