এইচএসসি পরীক্ষা শুরুর সময় জানা যাবে আজ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৭ ১১:৪৯:২৭


এ বছরের এইচএসসি পরীক্ষ‍া কখন অনুষ্ঠিত হবে এ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত জানাতে আজ বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। সেখানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরীক্ষার রুটিন ও আয়োজনের প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে তুলে ধরবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

এ ব্যাপারে শিক্ষ‍া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর চিন্তা আছে। সে লক্ষ্যে প্রস্তুতি চলছে।

তবে বিষয় না কমানো হলেও কমতে পারে পরীক্ষার নম্বর। পরীক্ষার পূর্ণমান ১০০ নম্বরের পরিবর্তে ৫০ শতাংশের মধ্যে প্রতিটি বিষয়ের পরীক্ষা নেয়া হতে পারে।

সম্প্রতি সাংবাদিক সম্মেলনে এইচএসসি-সমমান পরীক্ষা আয়োজনে প্রশ্নপত্র ও উত্তরপত্র মুদ্রণসহ সব প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জানা গেছে, শিক্ষা বোর্ডগুলোও প্রস্তুত। ১৫ দিন সময় পেলেই পরীক্ষার আয়োজন শুরু করতে পারবে তারা।

একজন পরীক্ষা নিয়ন্ত্রক জানান,দেশে মহামারি করোনা শুরুর আগে সব সাধারণ শিক্ষা বোর্ডের প্রশ্নপত্র ছাপানো শেষ করে মাঠপর্যায়ে পাঠিয়ে দেয়া হয়েছে। শুধু মার্চের শেষ সপ্তাহে মাদরাসা বোর্ডের প্রশ্নপত্র ছাপানো শেষ হয়। লকডাউন ও করোনা পরিস্থিতির কারণে প্রশ্নপত্র এতদিন প্রেসে সংরক্ষিত ছিল। এ সপ্তাহে প্রশ্নপত্র পাঠানো শেষ হয়েছে। ইতোমধ্যে ছাপানো প্রশ্নেই পরীক্ষা নেয়া হবে। যদি সরকার আংশিক নম্বরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় তাহলে সকালে কেন্দ্র সচিবদের নির্দেশনা জানিয়ে দেয়া হবে। সে অনুযায়ী তারা শিক্ষার্থীদের অবহিত করবেন।

সানবিডি/এনজে/১১:৪৯/৭.১০.২০২০