করোনায় রাবির ক্ষুদ্র দোকানীদের ত্রাণ বিতরণ করলো বিদ্যানন্দ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২০-১০-১৮ ১৫:৩৯:৩৪


বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে প্রায় আট মাস ধরে বন্ধ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিভিন্ন দোকান মালিকরা অর্থনৈতিক সংকটে ভুগছে।

এরই মাঝে ক্যাম্পাসের ২৮০ ক্ষুদ্র দোকান মালিকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলো বিদ্যানন্দ রাজশাহী শাখা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন মাঠে এই ত্রাণ সামগ্রী এই বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ‘দশ কেজি সমপরিমাণ প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল এবং আটা, যা অনায়াসে দশ দিন খেতে পারবে।

এ বিষয়ে বিদ্যানন্দ রাজশাহী শাখা প্রধান মৌশুমী আক্তার বলেন, আমরা কিছুদিন আগেই ক্যাম্পাসে গিয়ে দেখলাম সেখানকার বেশিরভাগ দোকানই বন্ধ। আমাদের কাছে মনে হলো দোকান বন্ধ থাকায় তাঁরা হয়তো অর্থনৈতিক সংকটে পড়েছেন। মূলত সেই চিন্তা থেকেই উদ্যোগ নেয়া। আমাদের দেয়া প্রত্যেকটি প্যাকেটে প্রায় দশ দিনের খাবার দেয়া আছে। এতে কিছুটা হলেও তাঁদের উপকার হবে বলে মনে করি।

মৌশুমী আরও বলেন, আমাদের কার্যক্রম মূলত অসহায় ও দুর্যোগপ্রবণদের সহযোগিতা করা। সারাদেশে আমাদের ১১টি শাখা একই ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি, ভবিষ্যতেও থাকবে বলে আশা করছি।

 

সানবিডি/নাজমুল/০৩:৩৯/১৮.১০.২০২০