চিরবিদায় নিলেন জাবি অধ্যাপক কবি হিমেল বরকত
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০২০-১১-২২ ১৩:৩০:০৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট কবি হিমেল বরকত রোববার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ।
শনিবার সকালে অনলাইনে ক্লাস নেয়ার সময় তার প্রথম হার্ট অ্যাটাক হয়, সাথে সাথেই তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে আরো দুই বার হার্ট অ্যাটাক করেন। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর।
হিমেল বরকত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২৬ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং পরবর্তীতে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি একাধারে একজন শিক্ষক কবি প্রাবন্ধিক ও গবেষক ছিলেন। হিমেল বরকত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই।
মোহাম্মদপুরের আল-মারকাজুল ইসলামীতে গোসল করানো শেষে অধ্যাপকের মরদেহ ধানমণ্ডিতে তার বড় বোনের বাসায় নেয়া হয়েছে। সেখান থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য শিক্ষককে তাঁর প্রিয় ক্যাম্পাস জাহাঙ্গীরনগরে নিয়ে আসা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টেনিস গ্রাউন্ডে বিকাল ৩:৩০ টায় তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
জাহাঙ্গীরনগরে জানাজা শেষে কবির মরদেহ তাঁর নিজ গ্রাম বাগেরহাটের মোংলার মিঠাখালীতে নিয়ে যাওয়া হবে, সেখানেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তাকে।
সানবিডি/নাজমুল/১২:৪৭/২২.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













