প্রধানমন্ত্রীকে রাবি উপাচার্যের অভিনন্দন
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২০-১১-২৩ ১৬:৩৩:৫০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য বিষয়ক বৈশ্বিক প্লাটফর্ম ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’এর কো-চেয়ার হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
সোমবার (২৩ নেভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তায় উপাচার্য প্রধানমন্ত্রীর এই অর্জনকে অনন্যসাধারণ উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি হিসেবে আবির্ভূত অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে এই প্লাটফর্ম কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক পর্যায়ের তিনটি বিশেষায়িত সংস্থা-বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, পশু স্বাস্থ্য নিয়ে কাজ করা ওয়ার্ল্ড অরগানাইজেশন ফর অ্যানিমেল হেলথ-এর উদ্যোগে এই গ্রুপ গড়ে উঠেছে। রোগ সৃষ্টিকারী জীবাণুদের ঔষধ প্রতিরোধী হয়ে উঠা ঠেকাতে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ঔষধের প্রাপ্যতা নিশ্চিত করতে এই নতুন প্লাটফর্মটি যাত্রা শুরু করে। এর মধ্যে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকসহ বিশ্বের অনেক খ্যাতনামা বিজ্ঞানী, বিভিন্ন দেশের মন্ত্রী, খাদ্য ও স্বাস্থ্য নিয়ে কাজ করা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সানবিডি/নাজমুল/০৪:৩৩/২৩.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













