বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় দোষীদের বিচার চেয়ে রাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০২০-১২-০৬ ২০:০৫:২৯


কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে দোষীদের বিশেষ ট্রাইবুন্যালের আওতায় বিচারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক শিক্ষার্থীরা।

এ নিয়ে ক্যাম্পাসে প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের  সিনেট ভবনের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধীতা এবং কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

বর্তমান সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে মূর্তি বিতর্ক শুরু করেছে দাবি করে মানববন্ধনে বক্তারা বলেন, মূর্তি হলেই পূজা হয়না। মৌলবাদীরা সাধারণ মানুষকে ধর্মের কথা বলে সুরসুরি দিচ্ছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অবমাননা করা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এসব যারা করছে তারা বাংলাদেশের স্বাধিকারে বিশ্বাস করেনা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনা। এদেরকে প্রতিহত করতে হবে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, সাবেক ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, লায়লা আরজুমান বানু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক এস এম আবু বকর, ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্রসহ বিভিন্ন বিভাগের ডিন, সভাপতি, হল প্রাধ্যক্ষ এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ দিকে একই দাবিতে রাবি ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল করা হয়। দলীয় টেন্ড থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ আলামিন, রাসেল, তৌহিদ মোর্শেদ, ফারুক হাসান, গোলাম সারওয়ার, কাজী লিংকন, যুগ্মসাধারণ সম্পাদক-সরকার ডন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, ইমতিয়াজ আহমেদ, উপ স্কুল বিষয়ক সম্পাদক-সোহাগ বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সানবিডি/নাজমুল/০৬.৫৫/০৬.১২.২০২০