প্রাথমিকের দেড় কোটি শিক্ষার্থী উপবৃত্তি পাবে নগদে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-১৪ ১৪:৪৯:৪৪


দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর দেড় কোটি শিক্ষার্থীর উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ ভাতা ডিজিটাল পদ্ধতিতে বিতরণের জন্য বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যার বিবেচনায় ডিজিটাল পদ্ধতিতে বৃত্তি বিতরণের এটিই হবে বিশ্বের সর্ববৃহৎ ঘটনা।

মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ ভাতাপ্রাপ্তির ভোগান্তি দূর করতেই সরকার নগদকে বেছে নিয়েছে। রবিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই), বাংলাদেশ ডাক বিভাগ এবং থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের মধ্যে এ বিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ত্রিপক্ষীয় চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসরুল আলম, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন এবং নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. জাকির হোসেন এবং সচিব গোলাম মো. হাসিবুল আলম উপস্থিত ছিলেন।

সানবিডি/এনজে/২:৪৯/১৪.১২.২০২০