খুবিতে তিন শিক্ষককে বরখাস্ত-অপসারণের ঘটনায় প্রতিবাদ সমাবেশ অব্যাহত
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২১-০২-০১ ১৫:৫৩:৩৯
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষার্থীদের পাঁচ দফা আন্দোলনে সংহতি জানানো ৩ শিক্ষককে বরখাস্ত ও অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তৃতীয় দিনের মত প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সোমবার বেলা ১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রায় ১৩ জন শিক্ষার্থী এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
এসময় বাংলা ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী আতিদ তূর্য বলেন, তিনদিনের মত প্রতিবাদ সমাবেশ চলছে।যতদিন পর্যন্ত শিক্ষকদের বরখাস্ত ও অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হবে আমারা পূর্বঘোষিত কর্মসূচীনুযায়ী আরও কঠোর কর্মসূচীতে যাবো।
একই দাবিতে ১০-১২জন শিক্ষকও বেলা সাড়ে ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে।
এসময় এনভায়রনমেন্টাল ডিসিপ্লিনের অধ্যাপক আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, আমরা প্রতিদিন এক ঘন্টা করে কর্মসূচী পালন করব কর্তৃপক্ষের বেআইনি সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত। একই সাথে তিনি সকল শিক্ষককে গ্রুপিং ও দলমত বাদ দিয়ে অংশগ্রহণের আহবান জানান। তিনি আরও বলেন, পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে এই কর্মসূচীর পরিবর্তে অন্য কর্মসূচীও আসতে পারে।
উল্লেখ্য, গত ২৩ তারিখে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২১২ তম সভায় শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি, অসদাচরণ, প্রশাসনবিরোধী কার্যক্রমসহ নানা অভিযোগে বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবুল ফজলকে বরখাস্ত এবং একই ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলম ও ইতিহাস সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরীকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













