দেশে প্রথমবার বাজেটের আকার বেড়েছে ৭৬৭ গুণ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৬-০৩ ১৩:৫৮:০৩
জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মানুষের জীবন-জীবিকার রক্ষাকে প্রাধান্য দিয়ে এবারের বাজেট হবে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার। যা স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেটের আকারের চেয়ে ৭৬৭ দশমিক ৯৬ গুণ বড়।
দেশের অর্থনীতির আকার বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই বাজেটের আকার বাড়ছে। ১৯৭১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৫০টি বাজেটে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। বাজেটের আকার বাড়লেও তা পুরোপুরি খরচ হচ্ছে না। প্রতি বছরই গড়ে ফেরত যাচ্ছে ২০ শতাংশ অর্থ। স্বাধীনতা পরবর্তী ১১ জন অর্থমন্ত্রী, আর দুই উপদেষ্টার দেয়া ৫০টি বাজেটের মধ্যে সবচেয়ে বেশিবার সুযোগ পেয়েছিলেন সাইফুর রহমান ও আবুল মাল আবদুল মুহিত। এই দুজনই ১২টি করে বাজেট উপস্থাপন করেন।
স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রথম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। দিনটি ছিল ১৯৭২ সালের ৩০ জুন। ৭৮৬ কোটি টাকার এই বাজেট ছিল বিদেশি অনুদান ও ঋণ নির্ভর। একই দিন তিনি ১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩ সালের বাজেট ঘোষণা করেছিলেন।
প্রথম বাজেটের পর ১ হাজার কোটি টাকার বাজেট দিতে অপেক্ষা করতে হয়েছে তিন বছর। আর তা ১০ হাজার কোটি টাকায় উন্নীত হতে লেগে গেছে ১৪ বছর। এরপর ২১ বছর পর এক লাখ কোটিতে উন্নীত হয় বাজেটের আকার। ২০০৯ সালে বর্তমান আওয়ামী লীগ সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসে এক লাখ কোটি টাকার বাজেট পেশ করে। এর ১০ বছরের মাথায় এবার একই সরকার ৬ লাখ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে।
বাংলাদেশের বাজেটের ইতিহাসে বিএনপির অর্থমন্ত্রী এম সাইফুর রহমান তিন মেয়াদে দিয়েছেন এক ডজন বাজেট। ১৯৮০-৮১ অর্থবছরে সাইফুর রহমানের প্রথম বাজেট ৪ হাজার ১০৮ কোটি টাকার। ২০০৬-০৭ অর্থবছরে তার হাত ধরেই খরচের পরিকল্পনা দাঁড়ায় ৬৯ হাজার ৭৪০ কোটি টাকায়।
তৃতীয় সর্বোচ্চ সংখ্যক বাজেট দিয়েছেন আওয়ামী লীগের শাহ এ এম এস কিবরিয়া। ১৯৯৬-৯৭ থেকে ২০০১-০২ অর্থবছর পর্যন্ত টানা ছয় বছর সরকারি আয়-ব্যয় পরিকল্পনা উপস্থাপন করেছেন তিনি।
এদিকে এরশাদ সরকারের হয়ে ২টি বাজেট দেয়া আবুল মাল আবদুল মুহিত আওয়ামী লীগ সরকারে এসে টানা ১০টি বাজেট দেন। তার নেতৃত্বে ২০১৩-১৪ অর্থবছরে প্রথমবারের মত ২ লাখ কোটির অংক ছাড়ায় বাংলাদেশের বাজেট। ২০১৮-১৯ অর্থবছরে তা দাঁড়ায় ৪ লাখ ৬৩ হাজার ৫৭৩ কোটি টাকা।
এরপর বাজেট বড় করার ধারাবাহিকতা ধরে রেখেছেন বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালও। বৃহস্পতিবার তিনি পেশ করতে যাচ্ছেন নিজের ধারাবাহিক তৃতীয় বাজেট।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














